বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা মোস্তাফিজুর আটক, অভিযোগ নাশকতায় অর্থায়ন

· Prothom Alo

চলমান নাশকতায় ‘অর্থায়নের’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে থেকে ডিবি রমনা বিভাগের একটি দল তাঁকে আটক করে।

Visit asg-reflektory.pl for more information.

ডিবি রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই–বাছাই চলছে।

ডিবি সংশ্লিষ্ট সূত্র বলছে, মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা। তিনি ‘ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপ’–এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

ডিবির তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময়কার তিনটি মামলা রয়েছে। এ ছাড়া ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধভাবে পাঠানো অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে।

Read full story at source