গোপালগঞ্জের পাঁচ থানায় বেশ কিছু গ্রেপ্তার হয়েছে, তবে সংখ্যা জানাননি ডিআইজি
· Prothom Alo

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গতকাল রোববারের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার বিষয়ে ডিআইজি বলেন, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মামলার প্রক্রিয়া চলছে। তবে গতকাল থেকে গোপালগঞ্জের পাঁচটি থানায় বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা সম্পর্কে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এ ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হচ্ছে। ডিআইজি হিসেবে এটুকু আপনাদের আমি নিশ্চয়তা দিতে পারি বা বলতে পারি যে কোনো নিরাপরাধ লোক বা অহেতুক কাউকে হেনস্তা করা হবে না’
Visit afsport.lat for more information.
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রায় দুই হাজার সদস্য মোতায়েন রয়েছেন বলে জানান ডিআইজি। তিনি বলেন, এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন এবং এসআরএফ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৯ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘যে কোনো কর্মসূচি বিবেচনায় নিয়েই আমরা সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা সাজাই। কর্মসূচির তারিখ ও সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিজিবিও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। গোপালগঞ্জে জনজীবনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুনগোপালগঞ্জের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় খোলার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, জননিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষার সব বিষয়ে বাহিনী তৎপর রয়েছে। আইনের বাইরে কোনো কর্মকাণ্ড হলে পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে।
প্রসঙ্গত, গতকাল গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ওই দিন নেতা-কর্মীদের একটি মিছিলে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।
মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগএ ছাড়া গতকাল সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট এবং উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ দুপুরে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।