উত্তর প্রদেশে ওয়াইসি–আজাদ জোট হলে বিধান সভা নির্বাচনে কার লাভ

· Prothom Alo

ভারতের উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে। আজ বৃহস্পতিবার লখনৌয়ে অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিন (মিম) ও আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) জোটবদ্ধ হলো। দুই দলের নেতা আসাউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ ‘রাবন’ সংবাদ সম্মেলন করে তৃতীয় মোর্চা গঠনের ঘোষণা দিয়েছেন।

Visit sport-tr.bet for more information.

এই দুই নেতা জানিয়েছেন, রাজ্যের ৪০৩টি আসনেই মোর্চা প্রার্থী দেবে। ওয়েইসি ও আজাদ দুজনেই লোকসভার সদস্য। ওয়াইসি হায়দরাবাদ ও আজাদ উত্তর প্রদেশের নাগিনা আসন থেকে জিতেছেন।

চন্দ্রশেখর আজাদের উত্থান দলিত রাজনীতির মাধ্যমে। একদা কাঁসিরাম ও মায়াবতীর অনুগামী থাকলেও পরবর্তীতে তিনি নতুন দল গড়েন। আসাউদ্দিন ওয়াইসির দল ‘মিম’ অনেক দিন ধরেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে আসছে। বিহারেও তিনি আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়ে ব্যর্থ হয়েছিলেন, উত্তর প্রদেশেও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিং যাদবের মন জিততে পারেননি। মায়াবতীর দল বহুজন সমাজ পার্টিও (বিএসপি) তাঁর প্রস্তাবে আগ্রহ দেখায়নি।

ভারতে ‘আই লাভ মোদি’ বলা গেলেও ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ বলা যায় না: ওয়াইসি

ফলে শেষ পর্যন্ত চন্দ্রশেখর আজাদের সঙ্গে ওয়াইসি হাত মেলালেন। এই জোট বিজেপিকে যথেষ্ট খুশি করবে। কারণ, দলিত ও মুসলিম ভোট ভাগ হবে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের ভোটের ফল এতে কিছুটা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

লখনৌয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ওয়াইসি ও আজাদ বলেন, তাঁদের নতুন জোটের নাম ‘সামাজিক পরিবর্তন মোর্চা’। এই মোর্চা দলিত, মুসলিম, যুব সমাজ, কৃষক ও সমাজের প্রান্তিক মানুষদের অধিকার রক্ষায় লড়াই করবে। তাঁরা বলেন, এটা শুধু তৃতীয় রাজনৈতিক বিকল্প নয়, সামাজিক পরিবর্তন ঘটানোই এই মোর্চার লক্ষ্য।

ওয়াইসির দল এর আগে বিহার ও মহারাষ্ট্রেও ভোটে দাঁড়িয়েছিল। দুই রাজ্যে তারা কিছু আসনও জিতেছিল। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলেও গত নির্বাচনে তারা প্রার্থী দিয়েছিল। সমাজবাদী পার্টি, কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেস—সবাই মনে করে ‘মিম’ বিজেপির বি টিম। ওয়েইসিকেও বারবার ওই কথা শুনতে হয়েছে। যদিও তিনি প্রতিবারই বলেছেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি রোখাই তাঁর লক্ষ্য। সেজন্যই তিনি বিরোধী জোটে শামিল হতে চান।

আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) নেতা চন্দ্রশেখর আজাদ

এবার উত্তর প্রদেশ বিধানসভা ভোটেও ওয়াইসি জোট বাঁধার জন্য অখিলেশ যাদবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। আসন সমঝোতার জন্য সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেসকে আলোচনার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু কোনো পক্ষ থেকেই ইতিবাচক সাড়া মেলেনি। উপেক্ষিত ওয়েইসির কাছে বিকল্প হিসেবে ছিলেন মায়াবতী ও চন্দ্রশেখর আজাদ। মায়াবতীও অনাগ্রহ দেখানোয় শেষ পর্যন্ত তিনি আজাদের সঙ্গে হাত মেলালেন।

পরিসংখ্যান অনুযায়ী, উত্তর প্রদেশে মুসলিম জনসংখ্যা ২০ শতাংশ, দলিত ২১ শতাংশ। দলিতদের মধ্যে জাটভরা এখনো মায়াবতীর অন্ধ অনুগামী। ক্ষমতাসীন বিজেপিকে সরাতে কংগ্রেস ও এসপি এই দুই ভোটব্যাংকের পাশাপাশি অনগ্রসরদের ওপর নির্ভরশীল। সেই সঙ্গে রয়েছে এসপির যাদব ভোট ব্যাংক। এবার ব্রাক্ষ্মণ ভোটও বিরোধীদের নজরে রয়েছে।

ওয়াইসি ও আজাদের মোর্চা মুসলিম ও দলিত ভোটে ভাগ বসালে এসপি–কংগ্রেসের অংক গুলিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বিজেপির হাসি চওড়া হবে।

শপথ অনুষ্ঠানে ওয়াইসি কেন ‘জয় ফিলিস্তিন’ বললেন, কী হবে তাঁর

উত্তর প্রদেশের লড়াই এখন প্রধানত দ্বিমুখী। একদিকে শাসক বিজেপির সঙ্গে রয়েছে নিষাদ পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোক দল ও আপনা দলের মতো ছোট ছোট জাতভিত্তিত দল। অন্য দিকে রয়েছে এসপি ও কংগ্রেসের জোট। মায়াবতীর দল বিএসপি দলিতদের একমাত্র ত্রাতা হিসেবে গণ্য হত। বিএসপির ভোট শেয়ার এখন কমতে কমতে ১০ শতাংশে ঠেকেছে।

ওয়াইসি বা আজাদ এর আগে আলাদাভাবে লড়েছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি। ২০২২ সালের বিধানসভা ভোটে ‘মিম’ ৯৫ আসনে প্রার্থী দিয়েছিল। একটাতেও জেতেনি। ভোট পেয়েছিল শূণ্য দশমিক ৪৯ শতাংশ। আজাদের দলের অবস্থাও ছিল তেমনই। এবার তারা যৌথভাবে লড়ে কিছু কি করতে পারবে? প্রশ্ন সেটাই।

অযোধ্যার লোকসভার সদস্য এসপি নেতা অবধেশ প্রসাদ বলেছেন, এই জোটের কোনো প্রভাবই পড়বে না। তাদের কোনো গুরুত্বই নেই। বিজেপি শাসনে বীতশ্রদ্ধ মানুষ বিকল্প হিসেবে অখিলেশ ও তাঁর দল এসপিকেই চান।

একই সুরে কথা বলেছেন কংগ্রেসদলীয় লোকসভার সদস্য ইমরান মাসুদও। তিনি বলেছেন, জোট যে কেউ গড়তে পারেন। ভোটের মুখে এই ধরনের সুবিধাবাদী জোট গঠন ভোটারদের মনে কোনো প্রভাব ফেলে না।

কংগ্রেসের সঙ্গে এসপির আনুষ্ঠানিক জোট এখনো হয়নি। তবে শিগগিরই তা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

উত্তর প্রদেশে ২০২২ সালের ভোটে ৫৮টি আসনে জিতে বিজেপি দ্বিতীয় হয়েছিল। সেই আসনগুলোতে মুসলিম, দলিত ও অনগ্রসরদের ভোট জয়পরাজয়ের নির্ণায়ক ভূমিকা নিয়েছিল। ওই আসনগুলোতে ওয়েইসি–আজাদের তৃতীয় মোর্চা অনেক হিসেব গুলিয়ে দিতে পারে। এই মোর্চার প্রার্থীরা ৫–৬ হাজার ভোট টেনে নিলে বিজেপির জয়ের পথ প্রশস্ত হতে পারে।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় লোকদল ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বিজেপির জোটে ছিল না। ভোটের পর তারা এনডিএতে এসেছে। এবার এখনো এনডিএর কোনো শরিকের সঙ্গে বিজেপির আসন সমঝোতা হয়নি। নিষাদ পার্টি ও সুহেলদেব সমাজ এবার বাড়তি আসন দাবি করেছে।

পাশাপাশি, বিহারের লোক জনশক্তি পার্টির নেতা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান উত্তর প্রদেশে ভোটে উপযুক্ত আসনের দাবি জানিয়ে রেখেছেন। বলেছেন, এনডিএর জোট হিসেবে আসন না পেলে তাঁরা সব আসনে প্রার্থী দেবেন। এই পরিস্থিতিতে এনডিএ জোটের ছবিও এখনো স্পষ্ট নয়। অথচ ভোটের বাকি আর মাত্র তিন মাস।

রামমন্দিরে অর্থ আত্মসাতে কোনো মুসলিম জড়িত থাকলে যোগী সরকার এতক্ষণে এনকাউন্টারে হত্যা করত: ওয়াইসি

Read full story at source