অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন গণযোগাযোগ ও সাংবাদিকতার ১১ শিক্ষার্থী
· Prothom Alo
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন। ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সেরা ফল অর্জন করায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
Visit sportbet.reviews for more information.
সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী।
২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান সিতারা পারভীন। তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ চালু করা হয়।
এবার পুরস্কার পেয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাশাহুদ আহমেদ, অর্জিতা সূত্রধর, আকতারুল ইসলাম, তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া রহমান, সাদিয়া পারভীন, সানজানা জেবিন, ফাহিম হাসান, আলী হাসান ওয়াহিদ ও অনুষ্কা ব্যানার্জী।
অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন একজন মেধাবী, আদর্শবান আর পথপ্রদর্শক শিক্ষক। তাঁর চিন্তাচেতনা ছিল অত্যন্ত উন্নত। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি কাজ করেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের এ স্বীকৃতি আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের উচিত এ অনুপ্রেরণাকে ধারণ করে এগিয়ে যাওয়া এবং অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ ও চিন্তাকে স্মরণে রাখা।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অধ্যাপক সিতারা পারভীনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্মৃতিচারণা আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁর বহুত্ববাদী রাষ্ট্রচিন্তা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
অতিথি বক্তা ছিলেন গণমাধ্যম পরামর্শক, লেখক ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। তিনি বলেন, সাংবাদিকের কাজ শুধু সরকারের নীতি তুলে ধরা নয় বরং সেসব নীতি মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তাদের ভাবনা ও অভিজ্ঞতা কী—তা তুলে ধরা।
সাংবাদিকদের লেখনিতে সাধারণ মানুষের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করা জরুরি বলেও মন্তব্য করেন কুররাতুল-আইন-তাহমিনা।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকেরা অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতিচারণা করেন।