সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন...

· Prothom Alo

ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবারট্রাক নিয়ে বেশ কৌতূহল রয়েছে প্রযুক্তি দুনিয়ায়। তবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক প্রযুক্তিসুবিধার গাড়িটি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী আকর্ষণ করতে পারেনি। আর তাই গত কয়েক বছর ধরে  বিক্রি কমতে থাকায় এবার সাইবারট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। নতুন এ সিদ্ধান্তের আওতায় আগামী বছরের জুন মাস নাগাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। সাইবারট্রাকের উৎপাদন বন্ধের এ সিদ্ধান্তকে মাস্কের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প থেকে সরে আসার বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানান, সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে কারখানাটিতে স্বচালিত গাড়ি সাইবারক্যাব তৈরিতে বেশি গুরুত্ব দেবে টেসলা। তবে সাইবারট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় করা হবে, নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

Visit aportal.club for more information.

টেসলার গিগাফ্যাক্টরিতেই শুধু সাইবারট্রাকের বিশেষ নকশার ভারী যন্ত্রাংশ তৈরির সক্ষমতা রয়েছে। ফলে অন্য কোনো কারখানায় সাইবারট্রাক উৎপাদন করা সম্ভব নয়। এ বিষয়ে এক্সে এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে মাস্ক সাইবারট্রাককে টেসলার তৈরি ‘সেরা গাড়ি’ বলে উল্লেখ করে জানান, ‘একটি যুগের অবসান’।

২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে সাইবারট্রাক সরবরাহ শুরু করে টেসলা। গাড়িশিল্পের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ২০ হাজার ২৩৭টি সাইবারট্রাক বিক্রি করেছে টেসলা। আগের বছর ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি কমেছে ৪৮ শতাংশ। অথচ উৎপাদন শুরুর সময় বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন মাস্ক। বাস্তবে সেই লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি।

অ্যাস্টন মার্টিনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি পালমার বলেন, লক্ষ্যমাত্রা পূরণ না হলে উৎপাদন অব্যাহত রাখার কোনো অর্থ হয় না। গাড়িশিল্পের যেকোনো বিচক্ষণ ব্যক্তিই একই কথা বলবেন। টেসলার সামগ্রিক আর্থিক হিসাবের তুলনায় এই গাড়ির প্রভাব হয়তো খুব বেশি হবে না। তবে বিক্রির পরিসংখ্যানই সবকিছু স্পষ্ট করে দিচ্ছে।

উন্মোচনের পর সাইবারট্রাকের নকশা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শুধু তাই নয়, গাড়িটির উন্মোচনী অনুষ্ঠানেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন মাস্ক। সাইবারট্রাকের জানালা কতটা মজবুত, তা প্রমাণ করতে ধাতব বল ছুড়ে মারার আয়োজন করেছিলেন তিনি। কিন্তু বলের আঘাতে জানালার দুটি কাচেই বড় ধরনের ফাটল দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর থেকে বিভিন্ন ত্রুটির কারণে ১১ বার সাইবারট্রাক প্রত্যাহারের ঘোষণা (রিকল) দিয়েছে টেসলা। এসব ঘটনায় কিছু গাড়ি মেরামতের জন্য কারখানায় নিতে হয়েছে। আবার কিছু ত্রুটি দূর থেকেই সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে সমাধান করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Read full story at source