অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ অনুষ্ঠানটি সাক্ষাৎকার আকারে তুলে ধরা হলো।
Visit asg-reflektory.pl for more information.
ডা. রাহেনুল ইসলাম আপনাকে স্বাগত জানাই।
ডা. রাহেনুল ইসলাম: ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি ছোটখাটো মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখকে ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’র মতো বড় শব্দ দিয়ে প্রকাশ করা হয়। এই নামকরণ বা বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
ডা. রাহেনুল ইসলাম: দেখুন, শব্দ বা পরিভাষার তো শেষ নেই। দৈনন্দিন জীবনের স্বাভাবিক চাপ বা দুঃখকে যখন আমরা ট্রমা বা বিষণ্ণতা বলে ফেলি, তখন নামকরণ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়। ক্লিনিক্যালি বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বিষণ্ণতা অত্যন্ত গুরুতর একটি পরিস্থিতি, যা বেশিরভাগ শিশু-কিশোরদের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। গাণিতিকভাবে দেখলে, একটি দেশের মোট জনসংখ্যার ৫ থেকে ৮ শতাংশ মানুষ বিষণ্ণতায় ভোগে। যদিও কোভিড-পরবর্তী সময়ে এই সংখ্যাটি বিশ্বজুড়ে বেড়েছে এবং তরুণদের কোনো কোনো জনগোষ্ঠীর মধ্যে ডিপ্রেশনের হার ২০% ও ছাড়িয়ে গেছে, তবুও সবাই বিষণ্ণ হয়ে যাচ্ছে—এমনটা মনে করার কোনো কারণ নেই।
শিশুরা যখন বড় হয়, তখন তারা পৃথিবীকে এক্সপ্লোর করে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এবং অনেক সময় বড়দের সঙ্গে তর্কও করে। বাবা-মায়েরা অনেক সময় এটাকে ‘অবাধ্যতা’ বা ‘বেয়াদবি’ হিসেবে দেখেন। এই বিষয়ে আপনার মতামত কী?
ডা. রাহেনুল ইসলাম: বাচ্চাদের তর্ক করা বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করাটা আসলে তাদের স্বাভাবিক বিকাশেরই অংশ। যখন একটি শিশু পৃথিবীকে চেনার চেষ্টা করে, স্বাধীনভাবে চিন্তা করতে শেখে এবং বছরের পর বছর ধরে চলে আসা নিয়মগুলোকে প্রশ্ন করে, তখন এটাকে আমাদের বরং স্বাভাবিক বিকাশ হিসেবে দেখা উচিত। কিন্তু অভিভাবক হিসেবে আমরা অনেক সময় এই প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত নই, কারণ আমরা ছোটবেলায় আমাদের অভিভাবকদের সঙ্গে এমন তর্ক করিনি। ফলে সন্তান কোনো যুক্তি খণ্ডন করতে গেলেই আমরা তাকে ‘অবাধ্য’ বা ‘বেয়াদব’ বলে ট্যাগ দিয়ে দিই এবং বাধা দেওয়ার চেষ্টা করি।
শৈশব থেকে একা একা চলা শুরু করার সময়টাই কি একটি বড় ক্রান্তিকাল?
ডা. রাহেনুল ইসলাম: ঠিক তাই। বর্তমানে বা অতীতেও একজন শিশু হুট করে একা একা কোথাও যায় না, তার সঙ্গে কেউ না কেউ থাকে। কিন্তু যখন সে স্বাধীনভাবে একা একা চলাচল বা নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, সেই সময়টাকে একটা ক্রিটিক্যাল টাইম বা ক্রান্তিকাল বলা চলে। আর আমাদের নিজের মতো করে চলার বা স্বাধীনতা অর্জনের এই প্রক্রিয়াটি যখন শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই বাবা-মায়ের পক্ষ থেকেও কিছুটা কষ্ট বা মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি হয়।
প্রজন্ম পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে প্যারেন্টিংয়ের ধরনও বদলাচ্ছে। অভিভাবক হিসেবে আমাদের করণীয় কী বা প্যারেন্টিংয়ের ধরনগুলোকে আমরা কীভাবে ভাগ করতে পারি?
ডা. রাহেনুল ইসলাম: প্যারেন্টিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে মোটা দাগে চার ভাগে ভাগ করা যায়:
১. অথরিটেরিয়ান প্যারেন্টিং : এখানে সামরিক বাহিনীর মতো নিখুঁত ও কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়। নিয়মকানুন অত্যন্ত কড়া থাকে এবং পান থেকে চুন খসলে কঠোর শাস্তির মুখে পড়তে হয়।
২. অথরিটেটিভ প্যারেন্টিং : এখানে নিয়ম ও শৃঙ্খলার পাশাপাশি একধরনের সাম্য এবং বোঝাপড়ার পরিবেশ থাকে।
৩. পারমিসিভ প্যারেন্টিং : এ ধরনের প্যারেন্টিংয়ে বাবা-মায়েরা অনেক সময় গদগদ স্বরে বলেন, "আমি আমার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু।" কিন্তু বন্ধুত্ব হতে হবে সমান্তরাল লেভেলে। অর্থনৈতিক, সাংস্কৃতিক বা যুক্তি দেওয়ার ক্ষমতা সমান না হলে বন্ধুত্ব হয় না। বাবা-মাকে কিছু ক্ষেত্রে রোল মডেল হতে হয় এবং প্রয়োজনে ‘না’ বলার সাহস রাখতে হয়। তা না করে সবকিছু সন্তানের ইচ্ছামতো ছেড়ে দিলে তা একসময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
৪. ডিজার্গনাইজড প্যারেন্টিং : এখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে না। লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হয়, আবার অনেক বড় অপরাধে কোনো শাস্তি বা পাত্তাই দেওয়া হয় না।
তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? বাবা-মায়ের নিজেদের জায়গা থেকে কতটা সচেতন হওয়া উচিত?
ডা. রাহেনুল ইসলাম: আমাদের মনে রাখা উচিত যে প্যারেন্টিং নিজেই একটি বড় মানসিক চাপ। যারা বাবা-মা হচ্ছেন, তারাও একটি নির্দিষ্ট প্রজন্মের অংশ। আমাদের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক অবস্থা, সমাজের সাংস্কৃতিক রুচি এবং পারিবারিক মূল্যবোধের দিকে তাকালে বেশ কিছু ঘাটতি চোখে পড়ে। অনেক সময় বাবা-মায়েরা নিজেদের জীবনে সততা বজায় রাখেন না—সন্তানের সামনে এক কথা বলেন আর নিজে অন্য কাজ করেন, কিংবা পেশাগত জায়গায় দুর্নীতি করেন। অভিভাবক হিসেবে আমাদের নিজেদের আচরণ ও জীবনাচরণের পরিবর্তন না এনে শুধু সন্তানের ওপর দোষ চাপালে তো চলবে না। সন্তানের কাছ থেকে ইতিবাচক আচরণ আশা করার আগে আমাদের নিজেদের জায়গায় আরও সচেতন ও নৈতিক হতে হবে।
আমরা অনেক সময় দেখি বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীরা ইন্টারনেট বা প্রযুক্তির কারণে বিশ্বের নানা ভালো দিক যেমন দেখছে, তেমনি এর একটা ভিন্ন দিকও রয়েছে। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
ডা. রাহেনুল ইসলাম: একদম ঠিক বলেছেন। অনলাইনের কল্যাণে আমাদের কিশোররা পৃথিবীর অনেক ভালো দিক দেখছে। তারা দেখছে এমন একটা জগৎ যেখানে সাম্য আছে, রাস্তাঘাটে শৃঙ্খলা আছে, যত্রতত্র পোস্টার লাগানো নেই বা অযথা জ্যাম নেই। কিন্তু সমস্যা হলো, তারা রিয়েল লাইফ বা বাস্তব জীবনের সঙ্গে এটার কোনো মিল পায় না। এর ফলে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত—সব স্তরের কিশোরদের মধ্যেই একধরনের অদৃশ্য দ্বন্দ্ব তৈরি হয়। এমনকি আমাদের দেশের তরুণ সমাজের বড় একটা অংশের শেষ স্বপ্ন বা লক্ষ্যই হয়ে দাঁড়ায় যেভাবেই হোক দেশ ছাড়া। একজন আমেরিকান শিশু তো এই ধরনের দ্বন্দ্বে ভোগে না। এই সাংস্কৃতিক বিভ্রান্তি ও যাপিত জীবনের চাহিদার সংঘাতে আমাদের শিশুরা বেশ ফ্রাস্ট্রেটেড বা হতাশ হয়ে পড়ে, আর তাদের অনেক প্রশ্নের উত্তর আমাদের কাছে থাকে না।
এই যে তারা নানা ধরনের মানসিক চাপ বা দ্বন্দ্বের মধ্য দিয়ে যায়, অনেক সময় অভিভাবক হিসেবে আমরাও তো সবকিছুর উত্তর জানি না। সে ক্ষেত্রে আমাদের করণীয় কী?
ডা. রাহেনুল ইসলাম: দেখুন, আমি একজন সাইকোথেরাপিস্ট হলেও পৃথিবীতে প্রকাশিত সমস্ত আর্টিকেল পড়ে ফেলেছি—এমন দাবি করতে পারব না। একজন কিশোর যখন কোনো কঠিন প্রশ্ন করে, তখন সব প্রশ্নের উত্তর আমি না-ও জানতে পারি। না জানার কারণে তাকে ধমক দেওয়া বা কোনো গোজামিল দিয়ে এড়িয়ে যাওয়া একদমই গ্রহণযোগ্য নয়। বরং আমাদের সততার সঙ্গে সাহসের সঙ্গে স্বীকার করা উচিত, "আমি এটা জানি না, তবে আমি এটা জেনে নেব।" এই স্বীকৃতিটুকু থাকা খুব জরুরি।
বিষণ্ণতা বা মানসিক অবসাদের বিষয়টি কিশোরদের ক্ষেত্রে অনেক সময় কিভাবে প্রকাশ পায়? অভিভাবকরা অনেক সময় কি একে ভুল বোঝেন?
ডা. রাহেনুল ইসলাম: বড়দের ক্ষেত্রে ডিপ্রেশনের লক্ষণ একরকম হলেও বাচ্চাদের ক্ষেত্রে বিষণ্ণতা সবসময় শুধু মন খারাপ দিয়ে প্রকাশিত হয় না; বরং তাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এটাকে অভিভাবকরা অনেক সময় 'অবাধ্যতা' বা 'বেয়াদবি' হিসেবে ধরে নেন। তাছাড়া আমাদের সমাজে ডিপ্রেশনের কথা সরাসরি বলা হয় না, মানুষ এটিকে শারীরিক ভাষায় প্রকাশ করে—যেমন মাথা ব্যথা, হাত-পা জ্বালাপোড়া বা ক্ষুধামন্দা। এর পেছনে সাইবার বুলিং বা শিক্ষক-সহপাঠীদের মাধ্যমে বুলিংয়ের মতো বড় ইস্যুও থাকতে পারে। তাই আগে থেকেই কোনো লেবেল সেঁটে না দিয়ে (যেমন: সে বেয়াদব বা তার মাদকের সমস্যা আছে) খোলামেলা যোগাযোগ রাখা এবং মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা দরকার।
সন্তানরা যাতে তাদের মন খারাপ বা সমস্যাগুলো অন্তত অভিভাবকের সঙ্গে শেয়ার করতে পারে, সেজন্য সম্পর্কের মধ্যে একটা সেতুবন্ধন বা ব্রিজ তৈরি করার কোনো সংক্ষিপ্ত কৌশল বা টিপস কি দেওয়া যায়?
ডা. রাহেনুল ইসলাম: প্রথম কথা হলো, আমরা সন্তানের 'বন্ধু' হতে পারব না, তবে 'ফ্রেন্ডলি' হতে পারি। আপনার কষ্টের কথা কি আপনি এমন কাউকে বলবেন যে শুনামাত্রই আপনাকে খোটা দেবে? কখনোই না। সন্তানের কোনো ভুল হলে বা সে যখন ফেইল করে, তখনই মূলত তার সবচেয়ে বেশি সমর্থনের প্রয়োজন হয়। তাকে কথা বলার সুযোগ দিন, কোনো বাধা না দিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিট চুপচাপ তার কথা শুনুন। সে যা বলল, তার থেকে এক-দুটি লাইন নিজে পুনরাবৃত্তি করুন, যাতে সে বুঝতে পারে যে আপনি তার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন।
কথা বলার সময় মোবাইল বা কোনো ডিভাইসে টেপাটেপি না করে সামনাসামনি বসুন, চোখে চোখ রেখে কথা বলুন। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের বয়স ও তাদের বয়সের মধ্যকার কালচারাল গ্যাপ (সাংস্কৃতিক দূরত্ব) মেনে নিতে হবে। আপনার আজকের ৩০ বা ৪০ বছরের অভিজ্ঞতা দিয়ে ১৪ বছরের একটি শিশুর জায়গায় দাঁড়িয়ে তাকে লেকচার দিলে কোনো লাভ হবে না; বরং মনে মনে আপনার নিজের ১৪ বছর বয়সের সময়টায় ফিরে গিয়ে তার পরিস্থিতিটা অনুধাবন করার চেষ্টা করতে হবে।