ভ্যানচালকের পিছু নিয়ে তিন শিকারি আটক, বস্তায় ছিল জবাই করা বক

· Prothom Alo

নাটোরের সিংড়ায় চলনবিলে বক শিকার করে জবাই করায় তিনজনকে দুই মাস করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের দুই সহযোগী ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Visit een-wit.pl for more information.

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সিংড়ার পাকুড়িয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুড়িয়া গ্রামের কাহার (১৯) ও একই গ্রামের লিটন হোসেন (৩০)। তাঁদের সহযোগিতা করায় ভ্যানচালক আবু হানিফকে (৪০) সাত হাজার টাকা ও বিল পাকুড়িয়া গ্রামের বাসিন্দা হোসেন আলীকে (২১) পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, কিছু লোক চলনবিল থেকে পাখি শিকার এবং জবাই করে তা বস্তায় ভরে বিভিন্ন স্থানে বিক্রি করছেন বলে অভিযোগ এসেছিল। একজন ভ্যানচালক পাখিশিকারিদের সহায়তা করছিলেন। পরে স্থানীয় প্রশাসন ও পরিবেশকর্মীরা আজ সকালে ওই ভ্যানচালকের পিছু নেন। একপর্যায়ে শিকারিরা জবাই করা বক তাঁর ভ্যানে ওঠান। তখন তিন শিকারি ও তাঁদের দুই সহযোগী ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জবাই করা ৫০টি বক উদ্ধার করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এ অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, পানি কমে যাওয়ার সময় বিপুলসংখ্যক বকসহ পরিযায়ী পাখি চলনবিলে আসে। এই সুযোগে শিকারিরা ফাঁদ দিয়ে পাখি শিকার করে গোপনে বিক্রি করেন। তাই পরিবেশকর্মীরা এ সময় বিলের বিভিন্ন প্রান্তে নজরদারি করেন।

Read full story at source