রিশাদের ৪, আলিসের ৩ উইকেট—দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেটের জয় বাংলাদেশ ‘এ’ দলের
· Prothom Alo

আগের দুটি ম্যাচই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ৫০ ওভারের তিন ম্যাচের সিরিজের শেষটিতে আজ আর বৃষ্টি বাধা হয়নি। আর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
পচেফস্ট্রুমে তাওহিদ হৃদয়ের দলের জয়ের ভিত গড়ে দেন দুই স্পিনার রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ১০ উইকেটের সাতটিই নেন এই দুই স্পিনার।
Visit een-wit.pl for more information.
টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় মাত্র ১৮২ রানে। প্রোটিয়া দলটি ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ৮৯ রানেই। এরপর অধিনায়ক মার্কিউস অ্যাকারম্যানের ৬৭ বলে ৫৪ ও ইমরান মানেকের ৫৩ বলে ৪৩ রানে ভর করে দেড় শ পার করে স্বাগতিকেরা।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪৫ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রিশাদ। ৩ উইকেট পাওয়া আলিস আল ইসলাম ১০ ওভারে দেন ৩৫ রান। এ ছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান, ও সাইফ হাসান।
রান তাড়ায় নামা বাংলাদেশের কাজটা সহজ করে দেন দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম। দুজনই করেন ফিফটি। দলের রান যখন ৯২, তখন উদ্বোধনী জুটি ভাঙে কাইল সিমন্ডসের বলে সাইফ আউট হলে। ৫৩ বলে ৬১ রান করে যান এই ওপেনার।
সাইফ আউট হওয়ার পর দ্রুতই আরও ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৭৭ বলে ৬০ রান করে আউট হয়ে যান মোহাম্মদ নাঈমও। তবে বাংলাদেশের জিততে খুব একটা বেগ পেতে হয়নি। ১৭ ওভার হাতে রেখেই ম্যাচ জিতেছে বাংলাদেশ ‘এ’।
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি আনঅফিশিয়াল ওয়ানডে খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচের সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।