সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভ্যাল
· Prothom Alo

যুক্তি, বাগ্মিতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভ্যাল অ্যান্ড ওয়ার্কশপ ২০২৬’। আজ শনিবার উৎসবের সমাপনী দিনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেয় ২৭০ শিক্ষার্থী। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
Visit afrikasportnews.co.za for more information.
সোনাহার বিতর্ক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিল ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), স্টুডেন্ট ফোর্স বিডি ও গোল্ডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাহার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সোনাহার বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা রাজ্জাক দুলাল। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি নাহিদুর রহমান দুর্জয়, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন বিতার্কিক জয় লালা, সোনাহার ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও উৎসবের আহ্বায়ক আরিফ বিল্লাহ, নীলফামারী সরকারি কলেজের সাইফুল হোসেন আনোয়ার, দিনাজপুর সরকারি কলেজের সেলিম ইসলাম আশিক, সোনাহার বিতর্ক পরিষদের সভাপতি মো. মাহাবুল ইসলাম, রংপুর সরকারি কলেজের আহনাফ তাজওয়ার রিয়ান ও বীথি রায়। এ ছাড়া অভিজ্ঞতা শেয়ার করেন গুঞ্জন রায়, টুম্পা সরকার, রুবেল ইসলাম, ইমরান হোসেন, মিজানুর হক, নীরব রায়, বাঁধন রায়, সৌরভ ইসলাম, আবু আহাদ, অদ্রিতা রায়, সুমাইয়া আক্তার, ওরিন মুত্তাকীসহ সিনিয়র বিতার্কিকেরা।
দিনব্যাপী কর্মশালায় সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক, শুদ্ধ উচ্চারণ, নিউজ প্রেজেন্টেশন, র্যাম্প শোসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা রাজ্জাক দুলাল বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর ও আত্মবিশ্বাসী করে তোলে। এর মাধ্যমে নেতৃত্বগুণ ও বাস্তব জীবনে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বাড়ে। নতুন প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজকেরা জানান, উৎসবের প্রথম দিনে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন এনডিএফ বিডির ডিরেক্টর জেনারেল ও রেক্টর লায়ন এম আলমগীর। তিনি ট্রেইনার হিসেবেও প্রশিক্ষণ দেন। এ ছাড়া সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও রংপুর জোনের প্রধান মো. শিয়াবুজ্জামান চঞ্চল ও খুলনা জোনের অ্যাক্টিং ডিরেক্টর তরিকুল ইসলামও প্রশিক্ষক হিসেবে অংশ নেন।
*লেখক: সাংগঠনিক সম্পাদক, সোনাহার বিতর্ক পরিষদ, দেবীগঞ্জ, পঞ্চগড়
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]