ঢাকার মানিকদিতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ

· Prothom Alo

রাজধানীর মানিকদি আমতলা এলাকায় দোকান থেকে মশার কয়েল কিনে বাসায় ফেরার পথে এক কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম কারিমুল ইসলাম (১৮)। তিনি মিরপুরে সরকারি বাঙলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

Visit sweetbonanza-app.com for more information.

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। কারিমুলের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামে। তাঁর বাবা রফিকুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে পরিবার নিয়ে তিনি আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কারিমুলের বাবা রফিকুল ইসলাম বলেন, রাতে বাসা থেকে মশার কয়েল কিনতে দোকানে যান তাঁর ছেলে। কয়েল কিনে ফেরার পথে পেছন থেকে অজ্ঞাতনামা দুই থেকে তিন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কারিমুলের দুই হাঁটুর নিচে গুলি লাগে।

রফিকুল ইসলাম আরও বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কারিমুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁর ডান পা থেকে একটি গুলি বের করেন। বাঁ পায়ের গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাসায় নেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম আরও বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর কারিমুলের সঙ্গে থাকা মুঠোফোনটিও পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ এক শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

Read full story at source