টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব প্রত্যাহার
· Prothom Alo

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব ছিল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। এ জন্য সরকারের ব্যয় ধরা হয়েছিল ২৬১ কোটি ৬৭ লাখ টাকা।
Visit truewildgame.online for more information.
আজ বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব প্রত্যাহার হয়েছে।
চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব ছিল। এর মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে এবং যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে তেল সংগ্রহ করার কথা ছিল। প্রতি লিটারের দাম ধরা ছিল ১৮১ টাকা ৫০ পয়সা।
ব্যয় বেড়েছে রুয়েট ভবন নির্মাণে
বৈঠকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব। মূল চুক্তির মূল্য ছিল ৩৭ কোটি ৭৭ লাখ টাকা। নকশা পরিবর্তন ও প্রাক্কলনে ত্রুটির কারণে আরও ৭ কোটি ৩৩ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির চুক্তিমূল্য বেড়ে দাঁড়াবে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা, যা মূল চুক্তির তুলনায় প্রায় ১৯ দশমিক ৪২ শতাংশ বেশি।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৪৫ কোটি ৬৮ লাখ টাকার পরামর্শক নিয়োগ এবং খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনতে ১১১ কোটি টাকার প্রস্তাবও অনুমোদিত হয়।
সংশোধনী: ক্রয় কমিটিতে রাইস ব্রান তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে পরে যোগাযোগ করে জানা গেছে,এটি প্রত্যাহার করা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।