গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসা নিয়ে প্রশ্ন টিআইবির
· Prothom Alo

উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করছে, বিশেষ সুবিধা পাওয়া একশ্রেণির আমলার অন্যায্য প্রভাবের কাছে সরকার নতি স্বীকার করেছে।
গণমাধ্যমে পাওয়া সংবাদের সূত্র ধরে আজ রোববার এক বিবৃতিতে এ কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
Visit djcc.club for more information.
প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত থেকে সরকার কেন সরে এসেছে, এর পেছনে কোন শক্তির প্রভাব কাজ করেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে টিআইবি।
উল্লেখ্য, শুধু বেসামরিক সরকারি কর্মকর্তা নন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও সুবিধাটি পেয়ে আসছেন।
টিআইবির আজকের বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, সরকারি সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণের ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সঙ্গে সুদমুক্ত ঋণের সুবিধা বাতিলের উদ্যোগও ছিল। এটি প্রধানমন্ত্রীর একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এর মূল উদ্দেশ্য ছিল বৈষম্য কমানো এবং জনগণের অর্থের অপচয় রোধ করা।
এখন সংকীর্ণ স্বার্থে সুবিধাভোগী ব্যক্তিদের প্রভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অকার্যকর হতে যাচ্ছে বলে মনে করছে টিআইবি। তারা ব্যয়সংকোচনের এই নীতিগত সিদ্ধান্ত থেকে সরকারকে কোন শক্তির প্রভাবে সরে আসতে হচ্ছে, তা চিহ্নিত করার ওপর জোর দেয়। একই সঙ্গে ওই সুবিধাভোগী ব্যক্তিদের মনোভাবও সরকারের বোঝা জরুরি বলে মনে করে।
টিআইবির মতে, শুরু থেকেই প্রাধিকারপ্রাপ্ত কর্মচারীদের জন্য করা শ্রেণিবিভাগ ছিল উদ্দেশ্যমূলক ও বৈষম্যমূলক। মাত্র ২ হাজার ৪০০ কর্মচারী এই সুবিধা পাচ্ছেন। একই ক্যাডার ও সমমর্যাদার অন্য কর্মকর্তারা তা থেকে বঞ্চিত। এতে সরকারি খাতে আন্তক্যাডার ভারসাম্যও ঝুঁকির মুখে পড়েছে।
সংস্থাটি বলছে, অল্পসংখ্যক কর্মকর্তার জন্য এই সুবিধা বহাল থাকায় নির্দিষ্ট পদ ও পদবির জন্য অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। অন্যদিকে বঞ্চিত কর্মকর্তাদের কর্মস্পৃহা নষ্ট হচ্ছে। এমন বৈষম্যমূলক ব্যবস্থা বহাল রেখে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি মাসে গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় দেওয়া কতটা যৌক্তিক, সেটা সরকারকে ভেবে দেখার আহ্বান জানিয়েছে টিআইবি।
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার টাকাই থাকছেবিবৃতিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়ি ব্যবহার ও নিজস্ব জ্বালানি ব্যয় বহনের সিদ্ধান্তের উদাহরণ টেনে ইফতেখারুজ্জামান বলেন, সুবিধাভোগী একশ্রেণির আমলাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ দৃষ্টান্ত থেকে কোনো ইতিবাচক শিক্ষা নিয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন।
সরকার ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের নিঃশর্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সম্পদ বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করার বিষয়ে টিআইবির আগের সুপারিশ গ্রহণ করা হয়নি। তাই নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পর জনগণ কতটা দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবা পাবে, সে প্রশ্নও তুলেছে টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, দেশের চলমান আর্থিক সংকটের মধ্যে একশ্রেণির সুবিধাভোগী কর্মকর্তার অসন্তোষের মুখে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত থেকে সরে আসা স্বাভাবিক কোনো দাবি নয়; বরং এটি আমলাতন্ত্রের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণেরই বহিঃপ্রকাশ।