কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী পালানোর ঘটনায় সাতজনকে সাময়িক বরখাস্ত
· Prothom Alo

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Visit tr-sport.bond for more information.
আজ শনিবার দুপুরে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কাশিমপুর মহিলা কারাগার থেকে পালিয়েছেন এক বন্দীএ ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন কাশিমপুর কারাগারের মেট্রন লায়লা আনজুমান, মোসা. মেরিনা, মোসা. রেহেনা, নারী কারারক্ষী মোসা. শায়লা, মোসা. শারমিন, মোসা. জেমি ও আসমা খাতুন।
কারাগার সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে কারাগারের ভেতরে বিভিন্ন কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনদের তদারকিতে ঘাটতির সুযোগ নিয়ে মোছা. রিম্পা (২১) নামের এক বন্দী নারী পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে একাধিকবার তল্লাশি চালালেও রিম্পাকে খুঁজে পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার বিকেলে কারাগারের জেল সুপার শিরিন আক্তার বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা করেন।
পলাতক নারী বন্দীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন।