নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা কৃষি কর্মকর্তার
· Prothom Alo

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রহমান ওরফে সুমন (৩২)। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ভিআইপি সড়কের মাথায় চৌমুহনী-মাইজদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
Visit rouesnews.click for more information.
পুলিশ জানায়, নিহত আবদুর রহমান ওরফে সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আবদুর রহমান একটি মোটরসাইকেল নিয়ে চৌমুহনী-মাইজদী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চৌমুহনী থেকে মাইজদী অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’