স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা যাহের আলভীর জামিন নামঞ্জুর

· Prothom Alo

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার (যাহের আলভী) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

Visit casino-promo.biz for more information.

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। আদালতে জামিন শুনানিতে যাহের আলভীর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।

এই মামলায় গত ১৮ জুন আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২১ জুন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে যাহের আলভীকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে যাহের আলভীর স্ত্রী ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিনই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। যাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাঁদের এক ছেলে রয়েছে। এ মামলায় ৪ জুন যাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জামিন দেন।

Read full story at source