শ্রীপুরে রান্নাঘরে কাজ করছিলেন নারী, প্রতিবেশীর মাটির দেয়ালচাপায় মৃত্যু
· Prothom Alo

গাজীপুরের শ্রীপুরে রান্নাঘরে কাজ করার সময় প্রতিবেশীর মাটির দেয়াল চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
Visit sportbet.reviews for more information.
নিহত কোহিনুর বেগম (৪৫) শ্রীপুর উপজেলার লিচুবাগান গ্রামের বাসিন্দা।
কোহিনুরের ছেলে মো. তুহিন বলেন, কোহিনুর বাড়ির রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৯টার দিকে পাশের প্রতিবেশী মো. জয়নালের বাড়ির মাটির দেয়াল হঠাৎ রান্নাঘরের ওপর ভেঙে পড়ে। এতে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে জ্ঞান হারান। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তুহিন বলেন, দেয়ালটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জয়নাল কাউকে না জানিয়ে শনিবার সকালে মাটির দেয়াল অপসারণের কাজ শুরু করেন। আগে থেকে জানতে না পেরে দেয়ালের পাশ ঘেঁষে থাকা রান্নাঘরে অন্যান্য দিনের মতো তাঁর মা কাজ করছিলেন। তখন ঘটনাটি ঘটে।
এ বিষয়ে জানতে জয়নালের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।