‘মাদকের টাকা’ জোগাড়ে চুরি করতেন তরুণ, ‘অতিষ্ঠ হয়ে’ ছেলেকে পুলিশে দিলেন মা
· Prothom Alo

মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েছিলেন এক তরুণ। মাদকের টাকা জোগাড় করতে কখনো চুরি করতেন, আবার কখনো পরিবারের সদস্যদের মারধর করতেন। একপর্যায়ে বাধ্য হয়ে নিজের ছেলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে অভিযোগ দেন মা। এরপর পুলিশকে জানানো হয়। পরে ওই তরুণকে ৯ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
Visit somethingsdifferent.biz for more information.
গতকাল রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে এক খুদে বার্তায় বিষয়টি জানায় প্রশাসন। কারাদণ্ড পাওয়া ওই তরুণ নাম মো. শহীদুল্লাহ (১৯)।
উপজেলা প্রশাসন জানায়, শহীদুল্লাহ ছাড়া আরও দুই ব্যক্তিকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন উপজেলার পালেগ্রাম এলাকা থেকে মদ্যপ অবস্থায় আটক কাভার্ড ভ্যানের চালক মো. মাঈনুদ্দীন (২৯) এবং হইট্টলতলা-জঙ্গল পৈরাং এলাকার জামাল হোসেন (৪২)। তাঁদের দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদকবিরোধী অভিযানে এক রাতে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। মাদকসংক্রান্ত কোনো অভিযোগ পেলেই দ্রুত অভিযান পরিচালনা করা হচ্ছে।’