ঢাকার আকাশে এই মেঘ এই রোদ, বৃষ্টি হবে কি

· Prothom Alo

টানা তিনদিনের তাপপ্রবাহের পর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে সামান্য বৃষ্টি হয়। তাতে অবশ্য গরম কমেনি। আজ শুক্রবার সকালে আকাশে কিছুটা মেঘ দেখা গেছে। পরে অবশ্য আবার রোদও ওঠে।

Visit mchezo.life for more information.

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি কখন হবে বা কতটা হবে তার ওপর নির্ভর করছে গরম কতটা কমতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানীর আকাশে মেঘ আছে এবং তাতে বৃষ্টির সম্ভাবনাও আছে। তবে দিনের বেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা কম। বৃষ্টি হলে সন্ধ্যে বা রাতের দিকে হতে পারে।

এখন মৌসুমি বায়ু একেবারে চলে আসার সময় হয়েছে। এ সময়ে স্থানীয়ভাবে অনেক মেঘ সৃষ্টি হয়। তাতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ করেই তা চলে যায়। মেঘ এত নিচুতে থাকে যে অনেক সময় বৃষ্টির পূর্বাভাস জটিল হয়ে পড়ে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

দেশে গত বুধবার ৪৮ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। চলতি বছর এত জেলায় একদিনে এমন তাপপ্রবাহ বয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। সাধারণত মে মাসের শেষ দিনেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে, কিন্তু এবার এর দেখা নেই।

আজও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ থাকবে। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্রগুলো জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, এই মাসে গরম তুলনামূলক বেশি থাকবে। এখন গরমে পুড়ছে দেশ।

অধিদপ্তরের তথ্য,আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা কমতে থাকবে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গতকাল প্রথম আলোকে বলেন, চলতি বছরে এখানে এত এলাকায় তাপপ্রবাহের রেকর্ড নেই। এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে এত তাপমাত্রা হয়নি রাজধানীতে।

দেশে সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল মাসে, দ্বিতীয় সর্বোচ্চ মে মাসে। কিন্তু চলতি বছর এই দুই মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৭৫ ভাগের বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু জুন মাসে যখন মৌসুমি বায়ু চলে আসার সময়, তখন এর দেখা নেই।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আরও বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে তিন থেকে চারদিন পর দেশজুড়ে বৃষ্টি বাড়তে পারে। আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

গত বছর ২৫ মে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। সাধারণত ৩১ মে এ বায়ু ঢোকে। তাতে প্রথম দিকে বৃষ্টিও হয়। কিন্তু এবার দেরিতে এ বায়ুর প্রবেশের অর্থ হলো, বৃষ্টি হতে দেরি হবে—আবহাওয়াবিদের ধারণা এমনটাই।

Read full story at source