যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

· Prothom Alo

যশোর-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত দুজন হলেন যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি রানী সাহা (৩০) ও তাঁদের ছেলে সৌভিক সাহা (৫)। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Visit moryak.biz for more information.

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে এবং পরে সামনে থাকা একটি ইজিবাইকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। তারা দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানটির চালককে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান বলেন, ‘একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকে থাকা দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গাড়িটি আড়াআড়ি অবস্থায় মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে ছিল। স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। একই সঙ্গে ওই গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। আমরা মহাসড়কটি সচল করার চেষ্টা করছি। নিহত দুজনের মরদেহ সড়কের পাশেই রয়েছে। জনতার চাপে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।’

Read full story at source