আইনজীবী হত্যা মামলায় চিন্ময়ের জামিন হয়নি, অপর চার মামলায় জামিন আবেদনের ওপর রায় কাল
· Prothom Alo

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন হয়নি। এ মামলায় তাঁর জামিন আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন।
Visit grenadier.co.za for more information.
এদিকে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক চার মামলায় চিন্ময়ের জামিন আবেদনের ওপর রায় পিছিয়েছে। চার আবেদনের ওপর আগামীকাল সোমবার রায়ের জন্য দিন রেখেছেন হাইকোর্টের একই বেঞ্চ।
পৃথক পাঁচ মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে গত বছর পৃথক আবেদন করেন চিন্ময়। আবেদনগুলোর ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। এসব মামলায় আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
রুলের ওপর ৭ মে চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ের জন্য আজ দিন রাখেন। এ অনুসারে পৃথক পাঁচটি আবেদন রায়ের জন্য আদালতের আজকের কার্যতালিকায় ওঠে।
আইনজীবী সাইফুল হত্যা মামলায় চিন্ময়ের জামিন প্রশ্নে রুল ডিসচার্জ (রুল খারিজ) ঘোষণা করে আজ রায় দেওয়া হয়। অপর চারটি জামিন আবেদনের ক্ষেত্রে তারিখ পিছিয়ে আগামীকাল রায়ের জন্য দিন রাখা হয়েছে।
আদালতে চিন্ময়ের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
রায়ের পর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, আইনজীবী হত্যা মামলায় চিন্ময়ের জামিন হয়নি। রুল ডিসচার্জ (জামিন প্রশ্নে রুল খারিজ) করেছেন আদালত। অপর চারটি মামলায় জামিন আবেদনের ওপর রায়ের জন্য আগামীকাল দিন রাখা হয়েছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময়ের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল বলে জানান তাঁর আইনজীবী।
এর আগে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ মে চিন্ময়কে আইনজীবী সাইফুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখান আদালত। পরে অন্য মামলাগুলোয় গ্রেপ্তার দেখানো হয়।
জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময়ের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় ২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন। পরে ফিরোজকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময়কে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার পর থেকে তিনি কারাগারে আছেন।