ব্রাদার্সকে হারিয়ে এককভাবে শীর্ষে কিংস, জিতেছে মোহামেডানও

· Prothom Alo

আগের দিন ফর্টিস এফসিকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসকে ছুঁয়ে ফেলেছিল আবাহনী লিমিটেড। আবাহনী ১৪ ম্যাচ খেললেও কিংস খেলেছিল ১৩ ম্যাচ। আজ ১৪তম ম্যাচে কিংস অ্যারেনায় দরিয়েলতন গোমেজের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে এককভাবে শীর্ষে উঠে এসেছে কিংস। ১৪ ম্যাচে কিংসের পয়েন্ট এখন ৩১।

Visit afsport.lat for more information.

দিনের আরেক ম্যাচে গাজীপুরে পিডব্লিউডিকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। আলফাজ আহমেদের পর দায়িত্ব নেওয়া আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে এটি লিগে মোহামেডানের টানা দ্বিতীয় জয়, ফেডারেশন কাপসহ টানা তৃতীয়।

ব্রাদার্সের বিপক্ষে কিংসের জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। কিন্তু তা হয়নি ব্রাদার্স গোলকিপার ইসহাক আকন্দের কারণে। প্রায় ৬ফুট উচ্চতার এই গোলকিপার অন্তত চারটি নিশ্চিত গোল ঠেকিয়েছেন। কখনো দরিয়েলতনের হেড, কখনো শট প্রতিহত করেছেন ফিস্টে। সম্প্রতি জাতীয় দলের প্রাথমিক তালিকায় ডাকও পেয়েছিলেন ইসহাক। তবে চূড়ান্ত দলে সুযোগ মেলেনি।

ম্যাচ শেষে ব্রাদার্সের গোলকিপিং কোচ জাতীয় দলের সাবেক গোলকিপার আশরাফুল ইসলাম প্রশংসায় ভাসিয়েছেন সিরাজগঞ্জের ইসহাককে। বললেন, ‘তার মধ্যে ভালো সম্ভাবনা আছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনেক দূর যেতে পারবে। সবচেয়ে ভালো দিক, ছেলেটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অন্তত বসে নেই।’

কিংস অ্যারেনায় বসে এই প্রতিবেদন লেখার সময় মাঠে দেখা গেল কিংসের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় স্ট্রেচিং করছেন। চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য তৈরি করছেন নিজেকে। এক ফাঁকে বললেন, ‘ইসহাক প্রতি ম্যাচেই ভালো করছে। আগামীতে আরও ভালো করবে আশা করা যায়।’

কিংসের একমাত্র গোলটি আসে ২২ মিনিটে। ডান দিক থেকে ওভারল্যাপ করে ওঠেন সাদ উদ্দিন। তাঁর বক্সে ফেলা বলে সহজেই জালে জড়িয়ে দেন দরিয়েলতন। গোলটা দরিয়েলতন করলেও অনেকটা কৃতিত্ব সাদেরও। দারুভাবে গোলটা করিয়েছেন রক্ষণে খেলা সাদ। লিগে এটি দরিয়েলতনের ১৪তম গোল, মৌসুমে ২১তম।

ম্যাচ হেরে ব্রাদার্সের কোচ ওমর সিসে ছিলেন বেশ বিরক্ত। এদিন ব্রাদার্স চারজন পাকিস্তানি আর সাফের বাইরের তিনজন ফুটবলার নিয়ে নেমেছিল। পাকিস্তানিরা সাফ কোটায় স্থানীয় হিসেবে খেললেন কার্যত তাঁরাও বিদেশি। সাত বিদেশি নিয়ে গত ম্যাচে হেরেছিল ব্রাদার্স, হেরেছে আজও।

পাকিস্তানিদের মাঠে উপস্থিতি খুব একটা টের পাওয়া যায়নি। স্কিল ভালোই, তবে তাঁদের ফিটনেস ঘাটতির ছাপ দেখা গেছে। ব্রাদার্সের কোচিং স্টাফের এক সদস্য বললেন, ‘তারা পরিশ্রম কম করে, একটু যেন অলস।’

গাজীপুরে পিডব্লিউডির বিপক্ষে ১৫ মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন জুয়েল মিয়া। ৮৫ মিনিটে আবদুল্লাহ সেই গোল শোধ করেন। মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের দিকে যাচ্ছে। কিন্তু ৮৯ মিনিটে মোহামেডানের জন্য আর্শীবাদ হয়ে আসে পেনাল্টি। তা থেকে সহজেই গোল করেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। যোগ করা সময়ে রাফায়েল টুডুর গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মোহামেডান।

গতবারের চ্যাম্পিয়নরা ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এখন পাঁচে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে নয়ে পিডব্লিউটি। ও দিকে কিংসের কাছে হেরে যাওয়া ব্রাদার্সের পয়েন্টও ১৩, অবশ্য গোল ব্যবধানে এগিয়ে টেবিলে অবস্থান সাতে।

Read full story at source