নারায়ণগঞ্জে তিন বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকার সঙ্গে লুট হয়েছে কাপড়

· Prothom Alo

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাত দল স্বর্ণালংকার, রুপা ও অর্থের পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়চোপড়ও লুট করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

Visit somethingsdifferent.biz for more information.

পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে কড়ইতলা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী শাহ পরানের বাড়িতে হানা দেয় ১২ থেকে ১৫ জনের ডাকাত দল। এ সময় দেশি অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

এরপর ডাকাত দলটি পাশের আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে যায়। সেখানে দরজা ভেঙে ঘরের ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। এরপর ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

শেষে ডাকাতেরা রাস্তার পাশে পাওয়ার লুমশ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়।

সাইফুল ইসলাম বলেন, এর আগেও তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে। এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসব ঘটনার পর ওই তিন বাড়ি পুলিশ পরিদর্শন করেছে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার প্রথম আলোকে বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Read full story at source