জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া দুই হল উদ্ধারে ছাত্রদলের ১০ দিনের আলটিমেটাম
· Prothom Alo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হওয়া আবাসিক হল উদ্ধারের দাবিতে মিছিল ও পরিদর্শন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় বেদখল হওয়া দুটি হলে বসবাসকারী শিক্ষার্থীদের সরে যেতে ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার ঘুরে আরমানিটোলায় আবদুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হওয়া হলগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন এবং তা দ্রুত উদ্ধারের দাবি জানান।
Visit amunra-online.pl for more information.
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতা-কর্মীরা আবদুর রহমান হল ও শহীদ নজরুল ইসলাম হল ঘুরে দেখেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসনসংকটে ভুগছেন। এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীরাও নিজেদের আবাসনসংকটের কথা তুলে ধরেন।
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলোকে সরে যেতে হবে। তারা আমাদের কাছে সাত দিনের সময় চেয়েছিল। মানবিক দিক বিবেচনা করে আমরা ১০ দিনের আলটিমেটাম দিয়েছি।’
সংগঠনটির সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজেদের দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং দাবি আদায় করতে হয়।
এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব খান বলেন, ‘আমাদের হল নেই। অথচ ঢাকা শহরের আনাচকানাচে বিশ্ববিদ্যালয়ের ৬ থেকে ৭টি হল দখল হয়ে আছে। প্রশাসনের সহায়তায় নিজেদের হল ফিরে পাওয়ার এখনই সময়।’
নেতারা আরও জানান, শুধু এই দুই হল নয়, পর্যায়ক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া বাকি হলগুলোও উদ্ধার করা হবে।
এ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের আবাসনসংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।