শহীদ রুমীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা

· Prothom Alo

নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ শাফী ইমাম রুমীর (বীর বিক্রম) ৭৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সন্ধ্যায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে আলোচনা সভা, দোয়া ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসব কর্মসূচির আয়োজন করে সাদা-কালো ফোরাম ও নিউজব্যাংক।

শহীদ জননী জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র ছিলেন শহীদ শাফী ইমাম রুমী। ১৯৫১ সালের ২৯ মার্চ তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধা ছিলেন শহীদ রুমী। ১৯৭১ সালের ২৯ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা থেকে তাঁকে তুলে নিয়ে যায়। এর পর তাঁর আর কোনো সন্ধান মেলেনি। তাঁর বাবা শরীফ ইমাম ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

Visit saltysenoritaaz.com for more information.

শহীদ রুমীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদা-কালো ফোরাম ও নিউজব্যাংকের সম্পাদক যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি সালেম সুলেরী। কর্মসূচির উদ্বোধন করেন ডোমার উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার।

শহীদ রুমীর বীরত্বগাঁথা জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান, গোলাম মোস্তফা, ইলিয়াস হোসেন, শমসের আলী, মো. রবিউল ইসলাম, জসিয়ার রহমান, কানাডাপ্রবাসী সংস্কৃতিসেবী শেরিনা শরিফ, সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান, আনোয়ারুল আলম প্রধান প্রমুখ।

সভায় ডোমার উপজেলা শহর থেকে বসুনিয়ার হাট পর্যন্ত শাফী ইমাম রুমীর গ্রামের বাড়িতে যাওয়ার সড়কটি তাঁর নামে নামকরণের দাবি জানানো হয়।

পরে সেখানে ১৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে শহীদ রুমী (বীর বিক্রম) সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে সেখানে দোয়া মাহফিল হয়।

Read full story at source