নড়াইলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে মামলা, চালক গ্রেপ্তার

· Prothom Alo

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার বেলা তিনটার দিকে নিহত নাহিদ সরদারের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলার পর একমাত্র আসামি ট্রাকচালক সুজাত মোল্যাকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, মামলার আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Visit xsportfeed.life for more information.

নিহত নাহিদ সরদার ও আসামি সুজাত মোল্যা নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের বাসিন্দা। পাশের গ্রাম তুলারামপুরে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন নাহিদ। পরিবার ও সহকর্মীদের অভিযোগ, গতকাল শনিবার মধ্যরাতে ফিলিং স্টেশনে তেল না দেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেন ট্রাকচালক সুজাত মোল্যা।

মামলার সংক্ষিপ্ত এজাহার ও পরিবারের অভিযোগ থেকে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে নিজ কর্মস্থল তানভীর ফিলিং স্টেশনে কাজ করছিলেন নাহিদ সরদার। তখন ট্রাক নিয়ে জ্বালানি তেল নিতে আসেন সুজাত মোল্যা। এ সময় পাম্পে তেল না থাকায় সুজাতকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন নাহিদ। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে নাহিদকে গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেন ট্রাকচালক। পরে দিবাগত রাত ২টার দিকে নাহিদ পাম্প থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় ট্রাক নিয়ে ধাওয়া করেন সুজাত। ফিলিং স্টেশন থেকে একটু দূরে ঢাকা-বেনাপোল মহাসড়কের ওপর নাহিদের মোটরসাইকেলকে চাপা দিয়ে যশোরের দিকে পালিয়ে যান সুজাত। এতে ঘটনাস্থলে নাহিদ নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্যা। তিনি বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। এ ছাড়া নাহিদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগে নিহত নাহিদের এক স্বজন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এই মাত্র জানাজা শেষে হয়েছে। এখন নাহিদকে দাফন করা হবে। এর মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে শুনে ভালো লাগল।’

Read full story at source