৪ মার্চ অ্যাপলের বিশেষ অনুষ্ঠানে উন্মোচন হতে পারে পাঁচ পণ্য

· Prothom Alo

মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচন করতে পারে অ্যাপল। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানকে ঘিরে প্রযুক্তিবিশ্বে শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে অন্তত পাঁচটি নতুন পণ্য বাজারে আনতে পারে অ্যাপল।

অ্যাপল–বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান এক প্রতিবেদনে জানিয়েছেন, ২ মার্চ থেকেই বিভিন্ন ঘোষণা দিতে পারে অ্যাপল। এরপর ৪ মার্চ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সামনে একাধিক পণ্য উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পণ্যের তালিকায় নতুন প্রজন্মের আইফোন, হালনাগাদ ম্যাকবুক, আইপ্যাড ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক যন্ত্রাংশের পাশাপাশি অন্যান্য হার্ডওয়্যার থাকতে পারে। অনুষ্ঠানে উন্মোচন হতে যাওয়া সম্ভাব্য পণ্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

Visit truewildgame.online for more information.

আইফোন ১৭ই

নতুন পণ্যের মধ্যে আইফোন ১৭ই থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। এটি গত বছর বাজারে আসা আইফোন ১৬ই–এর উত্তরসূরি হিসেবে উন্মোচন করা হতে পারে। নতুন মডেলের আইফোনটিতে এ১৯ প্রসেসর যুক্ত করা হতে পারে। এ১৯ প্রসেসরের গতি বেশি হওয়ায় গ্রাফিক্স সক্ষমতা তুলনামূলকভাবে বাড়বে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা ও গেম খেলার অভিজ্ঞতা আরও উন্নত হতে পারে। নতুন আইফোনে ম্যাগসেফ চার্জিং–সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অ্যাপলের নিজস্ব তৈরি সর্বাধুনিক সেলুলার ও তারবিহীন চিপ ব্যবহারের কথাও শোনা যাচ্ছে। সামনের ক্যামেরায় ১৮ মেগাপিক্সেল সেন্সর এবং ‘সেন্টার স্টেজ’–সুবিধা থাকতে পারে। এ সুবিধার মাধ্যমে দলগত সেলফি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে ফ্রেমের পরিধি বড় হয়ে যাওয়ায় সহজেই সবার ছবি তোলা যাবে।

আইপ্যাডে নতুন চিপ, এয়ারে এম৪

অনুষ্ঠানে নতুন প্রজন্মের আইপ্যাড উন্মোচনেরও সম্ভাবনা রয়েছে। নতুন আইপ্যাডটিতে এ১৮ প্রসেসর যুক্ত হতে পারে, যা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’–সুবিধা সমর্থন করবে। অন্যদিকে আইপ্যাড এয়ার মডেলগুলোতে এম৪ প্রসেসর যুক্ত করা হতে পারে। নকশায় বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও আইপ্যাড মিনিতে ওএলইডি ডিসপ্লে যুক্ত হতে পারে।

এম৫ চিপে ম্যাকবুক এয়ার ও প্রো

নতুন ম্যাক কম্পিউটার উন্মোচনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। হালনাগাদ ম্যাকবুক এয়ার এবং ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে এম৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে। শুধু তাই নয়, অ্যাপলের এন১ নেটওয়ার্কিং চিপও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কম দামের ম্যাকবুক

অনুষ্ঠানে তুলনামূলক কম দামের একটি ম্যাকবুক উন্মোচন করতে পারে অ্যাপল। ১৩ ইঞ্চির চেয়ে ছোট পর্দার ম্যাকবুকটিতে আইফোনের মতো নতুন মডেলের প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। উইন্ডোজ ল্যাপটপ ও ক্রোমবুকের সঙ্গে প্রতিযোগিতা করতে ম্যাকবুকটির দাম কম রাখা হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Read full story at source