নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ

· Prothom Alo

নবগঙ্গা নদীকে ঘিরে গড়ে উঠেছে মাগুরা শহর। একসময় এই নবগঙ্গা নদী ছিল শহরের মানুষের জীবন-জীবিকা, পানি ও বিনোদনের অন্যতম উৎস। সময়ের সঙ্গে সেই নদীর চিত্র বদলেছে। দখল, দূষণ আর অবহেলায় ক্রমেই সংকুচিত হয়েছে নদীর প্রবাহ। শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীটি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শহরেরই মানুষের হাতে।

Visit biznow.biz for more information.

নবগঙ্গা নদীর এই বাস্তবতা তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ করেছে মাগুরা বন্ধুসভা। তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’। এতে শহরঘেঁষা নবগঙ্গা নদীর দখল ও দূষণের চিত্র সচিত্রভাবে তুলে ধরা হয়েছে। নদীর বর্তমান অবস্থা, দখল এবং দূষণের প্রভাবের মধ্য দিয়ে একটি শহরের সঙ্গে তার প্রাণের নদীর বদলে যাওয়া সম্পর্কের গল্প বলার চেষ্টা করা হয়েছে।

তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ নভেম্বর মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশের শুরুতে তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, খেলোয়াড় ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। নবগঙ্গা নদী মাগুরা শহরের মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় উপস্থিত অতিথিরা তথ্যচিত্রটির বিষয়বস্তুর গুরুত্ব উপলব্ধি করেন। নদীর দখল ও দূষণ নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। নদী রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি দখলদারদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।

তথ্যচিত্রটি শুধু প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পরে বন্ধুসভার সদস্যরা এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এরপর আরও অনেক মানুষ তথ্যচিত্রটি দেখেন এবং নবগঙ্গা নদীর বর্তমান অবস্থা নিয়ে আগ্রহ ও উদ্বেগ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নদী রক্ষায় নানা দাবি ও মতামত তুলে ধরেন তাঁরা। এতে নদীটির সংকট নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’।

মাগুরা বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারহানা সুলতানা বলেন, ‘বন্ধুসভা বছরজুড়েই নানা ভালো কাজ করে থাকে। আমরা যেহেতু এই শহরে বসবাস করি, তাই নবগঙ্গা নদীর দখল ও দূষণের বিষয়টি নিয়ে সচেতনতা ও জবাবদিহি তৈরি করতে তথ্যচিত্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মানুষ বিষয়টি খুবই ইতিবাচকভাবে নিয়েছে।’

তিনি জানান, সমৃদ্ধি সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। বন্ধুসভার সদস্যরা বলেন, নবগঙ্গা শুধু একটি নদীর নাম নয়, এটি মাগুরা শহরের ইতিহাস, পরিবেশ ও মানুষের জীবনযাপনের অংশ। নদীটির দখল ও দূষণ অব্যাহত থাকলে এর প্রভাব পড়বে পুরো শহরের ওপর। বন্ধুসভার এই উদ্যোগের লক্ষ্য, নদীর সংকটকে মানুষের সামনে তুলে ধরা এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি তৈরিতে ভূমিকা রাখা।

তাঁরা আরও বলছেন, একটি তথ্যচিত্র হয়তো এক দিনে নদীর দখল-দূষণ বন্ধ করতে পারবে না। তবে নদীর হারিয়ে যাওয়ার গল্প যখন শহরের মানুষের সামনে আসে, তখন তা নতুন করে প্রশ্ন তোলে, নিজের শহরের নদীটিকে বাঁচাতে আমরা কতটা সচেতন এবং দায়িত্বশীল।

বন্ধু, মাগুরা বন্ধুসভা

Read full story at source