মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস

· Prothom Alo

ক্রিকেট মাঠের একটি ঘটনা। তার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। খেলোয়াড় থেকে শুরু করে তাঁদের পরিবার, এমনকি দলের সহকর্মীরাও জড়িয়ে পড়েছেন সেই বিতর্কে। প্রায় আট বছর পর আবারও আলোচনায় ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি। এবার সেই বিতর্ক থামানোর আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস।

পুরো ঘটনাকে ‘ডিনাই আনটিল ইউ ডাই’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। তাঁর ধারণা, কেপটাউন টেস্টে আসলে কী ঘটেছিল, তার পুরো সত্য অদূরভবিষ্যতে জানা কঠিন।

Visit tr-sport.bond for more information.

স্টোকস মনে করেন, স্যান্ডপেপার বিতর্কে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সংশ্লিষ্ট ব্যক্তিদের অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ফেলছে। নিজের নতুন পডকাস্ট ‘দ্যাটস নট ক্রিকেট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্টোকস বলেছেন, ‘এই পুরো ঘটনায় জড়িত খেলোয়াড়, স্টাফ, ম্যানেজমেন্ট, তাঁদের পরিবার ও বন্ধুদের কথা বিবেচনা করলে এখন সবচেয়ে ভালো হবে, বিষয়টি এখানেই থেমে যাওয়া।’

স্টোকস আরও বলেছেন, ‘এমন মানুষও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাঁদের কোনোভাবেই এর মধ্যে পড়ার কথা নয়। আমি নিজেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। কোনো একটি ঘটনায় যখন সংবাদমাধ্যমের অতিরিক্ত নজরদারিতে থাকতে হয়, তখন এমন মানুষের ওপর কী প্রভাব পড়ে, তা আমি দেখেছি। যাঁদের এ ধরনের চাপ ও উদ্বেগের মধ্যে পড়ার কথা নয়।’

২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে ব্যানক্রফট, ওয়ার্নার ও স্মিথের বিরুদ্ধে। সেই টেস্টের ছবিতে ব্যানক্রফট ও স্মিথকে দেখা যাচ্ছে

তবে বিতর্কের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তৎকালীন নেতৃত্বকেও দায়ী করেছেন স্টোকস। তাঁর ভাষায়, ‘সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের অনেক কিছুর জবাব দিতে হবে।’

স্টোকস বলেছেন, ‘বিষয়টি এত গভীরে চলে গেছে যে এখন মনে হচ্ছে, যে যার মতো করে মৃত্যুর আগপর্যন্ত অস্বীকার করে যাবে। আমি দীর্ঘদিন ড্রেসিংরুমে ছিলাম। তাই কী ঘটেছিল, সে বিষয়ে আমার নিজের একটি যথেষ্ট তথ্যভিত্তিক ধারণা আছে। তবে আমার মনে হয় না, অদূরভবিষ্যতে আমরা প্রকৃত সত্য জানতে পারব। বিষয়টি এত গভীরে চলে গেছে।’

খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় বিশ্ব ক্রিকেটে তোলপাড় হয়েছিল। অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট জড়িত থাকায় তাঁদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল।

প্রায় আট বছর পর নতুন করে বিতর্কের সূত্রপাত অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনী ঘিরে। বইটিতে খাজা দাবি করেছেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। তাঁর এই বক্তব্য অস্ট্রেলিয়ার ক্রিকেটে বিশাল বিভক্তি তৈরি করেছে।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার উসমান খাজা

খাজার দাবি সামনে আসার পর ২০১৮ সালের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। সেই তদন্তের পরিধি কতটা ছিল, কোথায় তার সীমাবদ্ধতা ছিল, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বিতর্ক আরও উসকে দিয়েছে বর্তমান ও সাবেক কয়েকজন ক্রিকেটারের বক্তব্য। কেউ খাজার দাবির পক্ষে দাঁড়িয়েছেন, কেউ আবার দ্বিমত পোষণ করেছেন। কেপটাউন টেস্টই বল টেম্পারিংয়ের একমাত্র ঘটনা ছিল না, খাজার এমন ইঙ্গিতও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Read full story at source