বাংলাদেশকে ইসলামি অর্থায়নের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের

· Prothom Alo

বৈশ্বিক ইসলামি অর্থায়নের বাজার সম্প্রসারিত হচ্ছে। এ বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে শক্তিশালী নীতিমালা, শরিয়াহ সুশাসন, আন্তর্জাতিক মান অনুসরণ ও সমন্বিত আর্থিক কাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পাকিস্তান, মালয়েশিয়া, উজবেকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী এক দশকে বাংলাদেশ এ অঞ্চলে ইসলামি অর্থায়নের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

Visit amunra.qpon for more information.

২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এর এক প্যানেল আলোচনায় এ কথাগুলো বলেন বিশেষজ্ঞরা। ‘বিভক্ত বিশ্বে ইসলামিক ফাইন্যান্স: বাংলাদেশের জন্য পাঁচ বাজারের শিক্ষা’ শীর্ষক আলোচনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।

পাকিস্তানের মিজান ব্যাংকের শরিয়াহ কমপ্লায়েন্স বিভাগের প্রধান শায়ান আহমেদ বেগ বলেন, প্রচলিত আর্থিক ব্যবস্থাকে ইসলামি ব্যবস্থায় রূপান্তর করা নতুন ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার চেয়ে কঠিন। এ জন্য সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাকিস্তান ২০২৮ সালের মধ্যে পুরো আর্থিক ব্যবস্থাকে ইসলামি ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্যে ৫০টির বেশি কমিটি গঠন করা হয়েছে।

উজবেকিস্তানের মেজোন কেনগাশির প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাফফর খুশনিদিনভ বলেন, ইসলামি ব্যাংকিং সম্প্রসারণের আগে প্রয়োজন উপযুক্ত আইন ও নিয়ন্ত্রক কাঠামো। দেশটি সম্প্রতি ইসলামিক ব্যাংকিং আইন গ্রহণ করেছে। পাশাপাশি ইসলামি পুঁজিবাজার, তাকাফুল ও ওয়াক্‌ফের বিকাশের ওপর গুরুত্ব দিয়েছে।

মালয়েশিয়ার আমমেটলাইফ তাকাফুলের শরিয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস বলেন, শরিয়াহ সুশাসন কার্যকর করতে কেন্দ্রীয় শরিয়াহ পরামর্শক সংস্থার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শরিয়াহ কমিটি থাকতে হবে। সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে শরিয়াহ নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনাও জরুরি।

আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ জাকারিয়া বলেন, আফ্রিকার ২৮টি দেশে ইসলামিক ফাইন্যান্সের কার্যক্রম রয়েছে। নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায় অবকাঠামো উন্নয়নে সুকুক ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে মালদ্বীপের আমানা তাকাফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা হারিজ সুলাইমান স্থানীয় সঞ্চয় কাজে লাগানো এবং অর্থায়নের উৎস বহুমুখী করার ওপর গুরুত্ব দেন।

আলোচনায় বাংলাদেশের জন্য ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, দ্রুত নীতিমালা প্রণয়ন, শরিয়াহ সুশাসন শক্তিশালী করা, গ্রাহক সচেতনতা বৃদ্ধি আর জাকাত, ওয়াক্‌ফ ও সাদাকাকে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সঙ্গে যুক্ত করা। পাশাপাশি জাতীয় কৌশল প্রণয়ন, অংশীজনদের সমন্বয় ও মানুষের জীবনে ইসলামিক ফাইন্যান্সের ইতিবাচক প্রভাব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, শুধু ইসলামি ব্যাংকের সংখ্যা বাড়ানো নয়, ব্যাংকিং, পুঁজিবাজার, তাকাফুল ও সামাজিক অর্থায়ন যুক্ত করে পূর্ণাঙ্গ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই বাংলাদেশ এ খাতে আঞ্চলিক নেতৃত্বের সুযোগ তৈরি করতে পারবে।

Read full story at source