রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে

· Prothom Alo

রংপুরের রেলপথ উন্নয়নে কোনো সরকার কখনোই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। বছরের পর বছর রংপুরের রেলব্যবস্থাকে একরকম অচল করে রাখা হয়েছে। রংপুর বিভাগের মানুষ কীভাবে ঢাকা যায়, সেটি ভাবতেই অবাক লাগে। রংপুর থেকে ঢাকার অবস্থান দক্ষিণ-পূর্ব দিকে। সেই ঢাকা যেতে প্রায় অর্ধবৃত্ত পথ ঘোরে।

Visit afsport.lat for more information.

বর্তমানে রংপুর জেলা থেকে ট্রেনে ঢাকা যাওয়ার দুটি পথের কোনোটি সোজা ঢাকামুখী নয়। প্রথম পথে রংপুর থেকে প্রথমে ১৮ কিলোমিটার পূর্বে কাউনিয়া যেতে হয়। তারপর দক্ষিণ-পশ্চিম দিকে পাবনার ঈশ্বরদী হয়ে পূর্ব দিকে ঢাকা যেতে হয়। দ্বিতীয় পথ হলো, রংপুর থেকে কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে পার্বতীপুর হয়ে ঈশ্বরদী পর্যন্ত। তারপর ঈশ্বরদী থেকে আগের মতোই ঢাকা।

রংপুর রেলস্টেশন থেকে ঢাকার রেলপথের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার। যদি ব্রহ্মপুত্রের ওপর সেতু থাকত, তাহলে কুড়িগ্রাম-গাইবান্ধাসহ উত্তরের জেলাগুলো থেকে জেলা বিশেষে ১০০-১৫০ কিলোমিটার পথ কমে আসত। এই রেলপথ তৈরি হলে অনেকগুলো ট্রেন চলাচল করতে পারত। বর্তমানে ঢাকাগামী ট্রেনে প্রতিদিন কয়েক ঘণ্টা বিলম্ব হয়, সেটি আর হতো না। প্রায় দেড় শ কিলোমিটারের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, তা–ও কমে আসত। কম টাকায় কম সময়ে নিরাপদ যোগাযোগব্যবস্থা হতো।

রংপুর কি এক দিনের পরিষ্কার শহর

কলকাতা থেকে আসাম যাওয়ার জন্য যে রেললাইন তৈরি করা হয়েছিল, বর্তমানে সেই পথ ধরে রংপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত যেতে হয়। তারপর ঢাকা। ব্রিটিশ আমলে তৈরি হওয়া রেলপথই এখনো ভরসা। কী আশ্চর্য! দেশ স্বাধীন হওয়ার অর্ধশতাধিক বছর পেরিয়ে গেলেও কেউ রংপুরের রেলপথ নিয়ে কোনো কাজই করল না। রংপুরে কোনো জেলার জন্য ঢাকা যাওয়ার সড়কপথও তৈরি করা হয়নি। যমুনা সেতু হয়ে ঢাকার পথ মূলত রাজশাহী বিভাগের মানুষের জন্য। সেই পথে রংপুরের মানুষ ঢাকা যায়।

বর্তমান সরকার কি আগের সরকারের পথ অনুসরণ করবে, নাকি রংপুরবাসীর জন্য ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ নির্মাণ করবে? আমরা চাই দেশের সুষম উন্নয়নের স্বার্থে হলেও উল্লেখিত কাজগুলো সরকার করবে

রংপুরের মানুষের জন্য ঢাকাগামী রেলপথ তৈরি করতে হলে রংপুরের মানুষের কথা ভেবেই করতে হবে। এই পথ হলো কুড়িগ্রামের চিলমারী কিংবা গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্রর (যমুনা) ওপরে একটি রেলসেতু স্থাপন করা। এখানে রেলসেতু হলে উত্তরের জেলাগুলো থেকে ঢাকা যাওয়ার সময় অবস্থানবিশেষে ছয় ঘণ্টা পর্যন্ত কম লাগবে। কুড়িগ্রাম-গাইবান্ধা থেকে চার ঘণ্টায় ঢাকা যাওয়া সম্ভব হবে।

এ বিভাগের অন্যান্য জেলা থেকেও দূরত্ব কমে আসবে। শোনা যাচ্ছে, বগুড়ার মানুষের যাতায়াত আরও সহজ করার জন্য যমুনায় আরেকটি সেতু স্থাপন করা হবে। এতে কোনো অসুবিধা নেই। বগুড়ার মানুষ ন্যূনতম সময়ে ঢাকা যাবে, এটাকে সাধুবাদ জানাই। কিন্তু এ কথা মনে করার কারণ নেই যে সেটি রংপুরের মানুষের জন্য করা সেতু।

রংপুরের মানুষের জন্য রেল–সুবিধা নিশ্চিত করতে হলে কিংবা সড়কপথ তৈরি করতে হলে তা চিলমারী অথবা সুন্দরগঞ্জ দিয়েই হতে হবে। গাইবান্ধার বোনারপাড়া কিংবা বালাসীঘাট থেকেও জামালপুরের বাহাদুরাবাদ পুরোনো ফেরির এপার–ওপার রেললাইন কাজে লাগানো সম্ভব।

রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন

রংপুর-গাইবান্ধা-কুড়িগ্রাম-লালমনিরহাটের সঙ্গে ব্রডগেজ যোগাযোগ নেই। ফলে মিটারগেজ রেলপথে ঢাকা যেতে হয়। মিটারগেজ লাইনের ট্রেনের প্রস্থ কম হওয়ার কারণে ভেতরে জায়গা তেমন থাকে না। ট্রেনের গতিরও হেরফের আছে। রংপুর থেকে মাত্র ৩৮ কিলোমিটার ব্রডগেজ রেললাইন স্থাপন করলেই দেশের পশ্চিম এবং দক্ষিণের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। ২০ বছর ধরে শুনছিÑএই রেললাইন হচ্ছে হচ্ছে, কিন্তু হয় না। রংপুর বিভাগের সব জেলার সঙ্গেই ব্রডগেজও প্রয়োজন।

রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ঢাকায় যে কয়েকটি ট্রেন চলাচল করে, তা প্রয়োজনের তুলনায় খুব কম। অনেক দিন শুনেছি, যমুনা সড়ক সেতু–সংলগ্ন পুরোনো রেলসেতুতে দ্রুতগতিতে ট্রেন চালানো যেত না বলে রংপুরের ট্রেনের সংখ্যা বাড়ানো যায়নি। এটি নিছক অজুহাত মাত্র। কারণ, যমুনায় নতুন রেলসেতু হওয়ার পরও নতুন ট্রেন রংপুর বিভাগের জেলাগুলোর জন্য বরাদ্দ হয়নি।

হুসেইন মুহম্মদ এরশাদের সময় রংপুর অঞ্চলে সড়কপথের কিছু কাজ হলেও রংপুর-পার্বতীপুর সামান্য ব্রডগেজের বাস্তবায়ন কিংবা বগুড়া-সিরাজগঞ্জের সংযোগ রেলপথ পরিকল্পনা করা হয়নি। উচিত ছিল যমুনা সেতু হওয়ার সঙ্গে সঙ্গে এই রেললাইনটুকু স্থাপন করা। কিন্তু সেই রেললাইন করা হয়নি।

কুড়িগ্রামের চিলমারী কিংবা গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্রের ওপর সেতু করা হলে ট্রেন কুড়িগ্রাম-গাইবান্ধা থেকে যে জেলাগুলোর ওপর দিয়ে ঢাকা যাবে, সেগুলো হলো জামালপুর, ময়মনসিংহ ও গাজীপুর। এরপরই ঢাকা। বর্তমানে কুড়িগ্রাম থেকে রংপুর হয়ে ঢাকা যেতে হয় লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, নওঁগা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর; তারপরে ঢাকা। আরেক পথ আছে, সেই পথে গাইবান্ধা হয়ে সমসংখ্যক জেলা ঘুরে ঢাকা যেতে হয়।

রংপুরের মানুষের রেল যোগাযোগ সহজ করার জন্য তিনটি বিষয়ে পদক্ষেপ জরুরি। প্রথমত, সুন্দরগঞ্জে নয়তো চিলমারীতে অথবা বোনারপাড়া-বালাসীঘাটে ব্রহ্মপুত্র-যমুনায় রেলসেতু স্থাপন করা। তা হলেই কেবল প্রকৃত অর্থে রংপুরবাসী নিজস্ব রেলপথ পেতে পারে। দ্বিতীয়ত, রংপুর থেকে পার্বতীপুর পর্যন্ত ব্রডগেজ সংযোগ দেওয়া।

এতে রাজশাহী-যশোর-খুলনার সঙ্গে নতুন রেল যোগাযোগ সম্ভব হবে। তৃতীয়ত, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন স্থাপন কাজ দ্রুত সম্পন্ন করা। এতে বগুড়া ও রংপুরের সঙ্গে ঢাকার দূরত্ব কিছুটা কমবে। বর্তমান সরকার কি আগের সরকারের পথ অনুসরণ করবে, নাকি রংপুরবাসীর জন্য ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ নির্মাণ করবে? আমরা চাই দেশের সুষম উন্নয়নের স্বার্থে হলেও উল্লেখিত কাজগুলো সরকার করবে।

  • তুহিন ওয়াদুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক

    *মতামত লেখকের নিজস্ব

Read full story at source