সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে

· Prothom Alo

সোনার পুরোনো অলংকার জুয়েলারি প্রতিষ্ঠানে বিক্রি করে এখন থেকে আগের চেয়ে বেশি অর্থ পাবেন গ্রাহকেরা। এমনকি পুরোনো অলংকার বদলে নতুন কিনতে গেলেও বাড়তি সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যালয়ে আজ শনিবার অনুষ্ঠিত সমিতির পরিচালনা পর্ষদের সভায় সোনার অলংকার বদল ও ক্রয় নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল রোববার থেকে এ পরিবর্তন কার্যকর হবে।

Visit afnews.co.za for more information.

এই পরিবর্তনের বিষয়টি আজই সমিতির সভাপতি এনামুল হক খান সদস্যদের এক জরুরি নোটিশে জানিয়েছেন। নোটিশের তথ্য অনুযায়ী, জুয়েলারি প্রতিষ্ঠানে পুরোনো অলংকার বদলে নতুন কিনতে গেলে পুরোনো অলংকারের বর্তমান ওজন থেকে ৯ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। এত দিন ১২ শতাংশ ওজন বাদ দিয়ে মূল্য দেওয়া হতো। তার মানে কোনো ক্রেতা ২১ ক্যারেটের এক ভরি ওজনের সোনার অলংকার বদল করে একই ওজনের নতুন কিনতে বা বানাতে গেলে পুরোনো অলংকারের ৯ শতাংশ বাদ দিয়ে ১ লাখ ৭৩ হাজার ৮১৬ টাকা মূল্য নির্ধারণ করা হবে। যদি ১২ শতাংশ বাদ দেওয়া হতো, তাহলে ১ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা মূল্য নির্ধারণ করা হতো। অর্থাৎ এখন থেকে ৫ হাজার ৬৪৩ টাকা সাশ্রয় হবে ক্রেতার।

অন্যদিকে পুরোনো অলংকার বিক্রি করতে গেলে এত দিন অলংকারের বর্তমান ওজন থেকে ১৮ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হতো। এখন থেকে ১৫ শতাংশ ওজন বাদ দেওয়া হবে। ধরুন, আপনি বছর দশেক আগে প্রায় ৭০ হাজার টাকায় ২২ ক্যারেটের এক ভরি ওজনের অলংকার কিনেছিলেন। আজ শনিবার পর্যন্ত সেটি বিক্রি করতে গেলে আপনি পেতেন ১ লাখ ৬৪ হাজার ৯৪০ টাকা। তবে আগামীকাল রোববার থেকে পাওয়া যাবে ১ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা। তার মানে ৬ হাজার ৩৪ টাকা বেশি পাবেন গ্রাহকেরা।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন থেকে ক্রেতারা আগের থেকে বেশি লাভবান হবেন।

বৈশ্বিক বাজারে সোনার দাম টানা কমছে। এতে দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, গত ১৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

Read full story at source