এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মচারী কারাগারে
· Prothom Alo

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হলেও আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। এর আগে গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার তিনজন হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম (২৭)। ফরহাদুল ও শহিদুল দুজনই অস্থায়ী কর্মচারী।
Visit rouesnews.click for more information.
ফল জালিয়াতির অভিযোগে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের করা ওই মামলাটির এজাহারে তাঁদের নাম ছিল না। তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে শিক্ষা বোর্ডের তিন কর্মী গ্রেপ্তার হন। রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফলাফল জালিয়াতির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
শিক্ষা বোর্ড ও পুলিশ সূত্র জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলাটি করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। এতে বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম ও নূর হোসেন ওরফে রায়হান এবং এক শিক্ষার্থীকে আসামি করা হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, এক শিক্ষার্থী ১০ বিষয়ে অকৃতকার্য হলেও নম্বর পরিবর্তন করে প্রকাশিত ফলে তাঁকে জিপিএ-৪.৯৪ দেখানো হয়। উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫ এবং গণিতে ৯-এর পরিবর্তে ৬৬ নম্বর দেওয়া হয়। অন্য বিষয়েও নম্বর বাড়ানোর অভিযোগ রয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক প্রথম আলোকে বলেন, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় খাতায় পাওয়া নম্বরের সঙ্গে প্রকাশিত ফলের অমিল ধরা পড়ে। এরপর অভ্যন্তরীণ তদন্ত শুরু করে শিক্ষা বোর্ড। ওই শিক্ষার্থীর ফল স্থগিত করা হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনায় মামলা করা হয়।