চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ

· Prothom Alo

চলমান শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক খাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে জরিপ করার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ জন্য সদস্য কারখানার কাছে চলতি মাসের প্রথম ১৮ দিনের উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ বাতিল, পণ্য আকাশপথে পাঠানোর অতিরিক্ত ব্যয়, ছাড় দিয়ে পণ্য বিক্রি, কারখানার সম্পদের ক্ষতিসহ বিভিন্ন খাতের তথ্য চেয়েছে সংগঠনটি।

Visit syntagm.co.za for more information.

বিজিএমইএ গত বুধবার সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য চেয়েছে। চিঠিতে ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন ফরমে সদস্যদের এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে শিল্পের সামগ্রিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন, নীতিগত সহায়তার সুপারিশ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সংগঠনটি।

বিজিএমইএর চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও রপ্তানিপ্রক্রিয়া ব্যাহত হয়েছে। এ কারণে আর্থিক ক্ষতি, রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস, অতিরিক্ত ব্যয় এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

বিজিএমইএর এই অনলাইন জরিপের ফরমে কারখানার বার্ষিক রপ্তানি মূল্য, শ্রমিকসংখ্যা, কত দিন উৎপাদন ব্যাহত হয়েছে, উৎপাদন ক্ষতির আর্থিক মূল্য ও পরিমাণ এবং উৎপাদন না হলেও শ্রমিকদের মজুরি বাবদ ব্যয়ের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদনের ঘাটতি পুষিয়ে নিতে অতিরিক্ত ওভারটাইমের সম্ভাব্য ব্যয়, রপ্তানি আদেশ বাতিলের মূল্য, আকাশপথে পণ্য পাঠানোর ব্যয় এবং ছাড় দিয়ে পণ্য বিক্রির পরিমাণ জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া আগের মৌসুমের তুলনায় নতুন রপ্তানি আদেশ কম পাওয়ার পরিমাণ, কারখানার ভবন, যন্ত্রপাতি ও স্থাপনার ক্ষতি এবং অন্যান্য আর্থিক ক্ষতির হিসাবও চেয়েছে বিজিএমইএ।

ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। দাবি আদায়ে মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ার শ্রমিকেরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতি করেন। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে। ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেয়। মালিকপক্ষ এখনো প্রস্তাব দেয়নি। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভায় প্রস্তাব দেবে মালিকপক্ষ।

এদিকে মজুরি বোর্ড গঠন হওয়ার পরও শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। গত বুধবার ৩৯৯ কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। গতকাল সাভার–আশুলিয়া, গাজীপুর ও ঢাকার মিরপুরে ৩৪১ পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৯৪ কারখানা। বন্ধ কারখানার ১২২টি গাজীপুরে, সাভার–আশুলিয়ায় ৪০টি এবং মিরপুরে ৩২টি রয়েছে। এ ছাড়া গতকাল ১৪৭টি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে।

Read full story at source