শিক্ষক নিয়োগে নবীজি (সা.) যে ৫ গুণ দেখতেন

· Prothom Alo

মহানবী (সা.) ছিলেন একজন শ্রেষ্ঠ শিক্ষক। তিনি নিজেই ঘোষণা করেছিলেন, ‘নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৯)

Visit mwafrika.life for more information.

পবিত্র মক্কা ও মদিনায় ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নবদীক্ষিত মুসলমানদের পবিত্র কোরআন, সুন্নাহ ও জীবনঘনিষ্ঠ জ্ঞান শেখানোর জন্য মহানবী (সা.) বিভিন্ন অঞ্চল ও গোত্রে শিক্ষক নিয়োগ দিতেন।

এ ক্ষেত্রে মহানবী (সা.) কোনো বংশমর্যাদা, আভিজাত্য বা আর্থিক সচ্ছলতাকে প্রাধান্য দিতেন না; বরং শিক্ষকের ভেতরে সুনির্দিষ্ট কিছু চারিত্রিক ও পেশাগত গুণাবলি যাচাই করতেন।

শিক্ষক নিয়োগে নবীজি (সা.) যে পাঁচটি গুণ দেখতেন, তা আলোচনা করা হলো:

১. বিষয়ের ওপর বিশুদ্ধ জ্ঞান

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নবীজি (সা.)–এর প্রথম ও প্রধান শর্ত ছিল নির্দিষ্ট বিষয়ের ওপর শিক্ষকের নির্ভুল জ্ঞান থাকতে হবে। বিশেষ করে কোরআন পাঠ ও ইসলামের বিধান শেখানোর জন্য তিনি সবচেয়ে দক্ষ ব্যক্তিদের নির্বাচন করতেন।

মদিনায় হিজরতের আগেই সেখানকার মানুষদের কোরআন ও ধর্ম শেখানোর জন্য মহানবী (সা.) সাহাবি মুসআব ইবনে ওমাইর ও অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন।

মুসআব মদিনায় গিয়ে কোরআন শিক্ষা ও অন্যান্য ধর্মীয় জ্ঞান অল্প সময়ের মধ্যেই মদিনার ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন, যার ফলে ইতিহাসে তিনি ‘আল–মুকরি’ বা ‘মদিনার প্রথম শিক্ষক’ উপাধিতে ভূষিত হন। (ইবনে হিশাম, আস–সিরাহ আন–নাবাবিয়্যাহ, ২/৭৫, দারুল জিল, বৈরুত, ১৯৯০)

মহানবী (সা.) ইয়েমেনে মুয়াজ ইবনে জাবাল ও আবু মুসা আশআরিকে শিক্ষক ও বিচারক হিসেবে পাঠানোর সময় তাঁদের তাকওয়া, আমানতদারিতা ও আত্মসংযমের গুণাবলিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখ লাখ মানুষ শুনছেন তাঁদের কথা

২. কথা ও কাজের মিল

ইসলামে শিক্ষক শুধু তথ্য সরবরাহকারী নন, তিনি শিক্ষার্থীদের জন্য জীবন্ত আদর্শ বা রোলমডেল। তাই মহানবী (সা.) এমন ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতেন, যাঁদের চরিত্র ছিল নিষ্কলুষ এবং যাঁরা নিজেরা যা শেখাতেন, তা বাস্তব জীবনে আমল করতেন।

পবিত্র কোরআনে কথা ও কাজের অমিলের ব্যাপারে সতর্কতা উচ্চারণ করে বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো, যা তোমরা নিজেরা করো না?’ (সুরা সাফ, আয়াত: ২)

মহানবী (সা.) ইয়েমেনে মুয়াজ ইবনে জাবাল ও আবু মুসা আশআরিকে শিক্ষক ও বিচারক হিসেবে পাঠানোর সময় তাঁদের তাকওয়া, আমানতদারিতা ও আত্মসংযমের গুণাবলিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।

৩. সহজবোধ্য উপস্থাপন কৌশল

শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বুঝে জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার ক্ষমতা একজন আদর্শ শিক্ষকের অন্যতম প্রধান গুণ। মহানবী (সা.) শিক্ষক নিয়োগের সময় দেখতেন, সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষার্থীদের প্রতি কতটা কোমল ও সহনশীল। কঠোর মেজাজি বা রূঢ় আচরণের মানুষকে তিনি শিক্ষাদানের দায়িত্বে দিতেন না।

মুয়াজ ও আবু মুসাকে ইয়েমেনে শিক্ষক হিসেবে পাঠানোর সময় নবীজি (সা.) ঐতিহাসিক নির্দেশনা দিয়ে বলেছিলেন, ‘তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন কোরো না; মানুষকে সুসংবাদ দাও, ঘৃণা ছড়িয়ো না এবং পরস্পর মিলেমিশে কাজ করো, মতভেদ কোরো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩০৩৮)

নবীজির শিক্ষক কে ছিলেন
বদর যুদ্ধে বন্দী হওয়া অমুসলিম যুদ্ধবন্দীদের মধ্যে যাঁরা শিক্ষিত ছিলেন, তাঁদের মেধা ও দক্ষতাকে মূল্যায়ন করে মহানবী (সা.) মদিনার শিশুদের লেখাপড়া শেখানোর শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

৪. যোগ্যতার ভিত্তিতে নিয়োগ

শিক্ষক বা যেকোনো দায়িত্বশীল পদে নিয়োগের ক্ষেত্রে মহানবী (সা.) কখনোই আত্মীয়তা, বন্ধুত্ব বা গোত্রীয় পরিচয়কে প্রশ্রয় দিতেন না। সমাজে অধিক যোগ্য ব্যক্তি থাকতে তুলনামূলক কম যোগ্য কাউকে শিক্ষক বা দায়িত্বশীল বানানোকে তিনি চরম বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন।

রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো দায়িত্ব বা কর্মসংস্থানে কাউকে নিয়োগ দিল অথচ সে জানে যে সমাজে এর চেয়ে অধিক যোগ্য ব্যক্তি রয়েছে, সে মূলত আল্লাহ, তাঁর রাসুল ও সমগ্র মুমিন সমাজের সঙ্গে খেয়ানত করল।’ (মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭২১৮)

এমনকি বদর যুদ্ধে বন্দী হওয়া অমুসলিম যুদ্ধবন্দীদের মধ্যে যাঁরা শিক্ষিত ছিলেন, তাঁদের মেধা ও দক্ষতাকে মূল্যায়ন করে মহানবী (সা.) মদিনার শিশুদের লেখাপড়া শেখানোর শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যার বিনিময়ে তাঁদের মুক্তিপণ মওকুফ করা হয়েছিল। (মুসনাদে আহমাদ, হাদিস: ২২১৬)

৫. উপস্থিত সমস্যা সমাধানের প্রজ্ঞা

শিক্ষাদানের সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা অপ্রত্যাশিত প্রশ্ন বা জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। তাই শিক্ষকের ভেতরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা বা ‘হিকমাহ’ থাকা জরুরি। মহানবী (সা.) মুয়াজকে ইয়েমেনে পাঠানোর আগে তাঁর এই প্রজ্ঞা ও বিচারবুদ্ধি যাচাই করার জন্য সরাসরি পরীক্ষা নিয়েছিলেন।

হাদিসে এসেছে, নবীজি (সা.) তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘হে মুয়াজ, যখন তোমার সামনে কোনো সমস্যা বা বিচার আসবে, তখন তুমি কীভাবে সমাধান করবে?’ মুয়াজ (রা.) বললেন, ‘আল্লাহর কিতাব (কোরআন) অনুযায়ী।’

নবীজি (সা.) জিজ্ঞাসা করলেন, ‘যদি সেখানে না পাও?’ তিনি বললেন, ‘রাসুল (সা.)–এর সুন্নত অনুযায়ী।’ নবীজি (সা.) আবার জিজ্ঞাসা করলেন, ‘যদি সেখানেও না পাও?’ মুয়াজ বললেন, ‘তাহলে আমি আমার ইজতিহাদের (প্রজ্ঞা ও গবেষণা) মাধ্যমে সিদ্ধান্ত নেব এবং এ ক্ষেত্রে ত্রুটি করব না।’

এই উত্তর শুনে নবীজি (সা.) আনন্দিত হয়ে তাঁর বুকে হাত রেখে আল্লাহর প্রশংসা করেছিলেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯২)

শেষ কথা

ইমাম গাজালি (রহ.) শিক্ষকের গুণাবলি সম্পর্কে নবীজির আদর্শের সারকথা তুলে ধরে লিখেছেন, ‘শিক্ষার্থীদের জন্য শিক্ষক হবেন পিতার মতো মমতাময়। তিনি শুধু পার্থিব স্বার্থে নয়; বরং আল্লাহ–তাআলার সন্তুষ্টির জন্য শিক্ষা দেবেন, শিক্ষার্থীদের মেধা ও স্তর অনুযায়ী কথা বলবেন এবং নিজের আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নৈতিকতার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করবেন।’ (আল–গাজালি, ইহইয়াউ উলুমিদ্দিন, ১/৫৫–৫৮, দারুল মারিফাহ, বৈরুত)

  • এহসান সিরাজ : আলেম ও লেখক

উম্মে দারদা: ইসলামের প্রথম যুগের নারী শিক্ষক

Read full story at source