কেউ অসুস্থ হলে কেন দরিদ্র হবে পরিবার
· Prothom Alo

বাংলাদেশে স্বাস্থ্যসেবা ব্যয়ের বড় অংশই বহন করতে হয় ব্যক্তিকে। বিশ্বে গড় ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় যেখানে ১৮ শতাংশ, সেখানে বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭০ শতাংশ আসে মানুষের নিজস্ব পকেট থেকে। স্বাস্থ্যসেবা পেতে এই উচ্চ ব্যয় পরিবারগুলোকে আর্থিক ঝুঁকিতে ফেলে দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ আর্থিক চাপে পড়ছে। শুধু ২০২২ সালে স্বাস্থ্য খাতে এই ব্যয়ের কারণে ৭২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
এসব তথ্যই বলে দেয়, পরিবারের কেউ অসুস্থ হলে সেটা কত বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠছে। বাংলাদেশের চিকিৎসা খাতের এই উদ্বেগজনক চিত্র আরও একবার স্পষ্ট হলো বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদনে। ১৫ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হয়। চিকিৎসা এখন অনেকটাই দর-কষাকষির বিষয়ে পরিণত হয়েছে।
Visit moryak.biz for more information.
১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি শুধু আর্থিক দুর্নীতির চিত্র তুলে ধরেনি; বরং স্বাস্থ্য খাতের প্রাতিষ্ঠানিক ও নীতিগত দুর্বলতাগুলোকেও চিহ্নিত করেছে। প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, স্বাস্থ্য খাতের দুর্নীতি কেবল কিছু ব্যক্তির অনৈতিক আচরণের ফল নয়, এটি মূলত দুর্বল শাসনব্যবস্থা ও জবাবদিহির ঘাটতির বহিঃপ্রকাশ।
প্রতিবেদনে উঠে এসেছে, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেয়। এই কমিশন–বাণিজ্য চিকিৎসকের পেশাগত নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি রোগীর চিকিৎসা ব্যয়ও বাড়িয়ে দিচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়টিও উদ্বেগজনক। প্রতিবেদনে উদ্ধৃত দুটি গবেষণায় ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত চিকিৎসকের অনুপস্থিতির নজির পাওয়া গেছে। কর্মপরিবেশের দুর্বলতা, জনবলসংকট ও নিরাপত্তাহীনতার মতো বাস্তব সমস্যা থাকলেও অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন নেওয়া কিংবা সরকারি কর্মঘণ্টায় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্বাস্থ্য খাতের আরেকটি উদ্বেগজনক দিক বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। তথ্য গোপন, গবেষণার ফল প্রকাশে বিলম্ব এবং পছন্দমতো তথ্য উপস্থাপনের মাধ্যমে নীতিনির্ধারণকে প্রভাবিত করা হচ্ছে। তথ্য ও জ্ঞানের ওপর রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বর্তমান সরকার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে। এটা অবশ্যই ইতিবাচক। কিন্তু স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত না হলে বাড়তি বরাদ্দের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। আমরা মনে করি, হেলথ ওয়াচের প্রতিবেদনে যে সুপারিশগুলো এসেছে, স্বাস্থ্য খাতে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য সেগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।
প্রথমত, আইন করে কমিশনভিত্তিক রেফারেল নিষিদ্ধ করতে হবে। চিকিৎসকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের অনৈতিক চর্চার বিরুদ্ধে কার্যকর শাস্তির ব্যবস্থা রাখতে হবে। দ্বিতীয়ত, সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু করতে হবে। কর্মস্থলে অনুপস্থিতি এবং সরকারি কর্মঘণ্টায় ব্যক্তিগত চিকিৎসার বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন। তৃতীয়ত, সরকারি হাসপাতালে ওষুধ, চিকিৎসাসামগ্রী ও অন্যান্য সেবার সরবরাহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত ফির বাইরে অর্থ আদায় বন্ধে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। চতুর্থত, স্বাস্থ্য খাতের কেনাকাটা, নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। গবেষণা ও জরিপের তথ্য প্রকাশে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পঞ্চমত, নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মন্ত্রী, সচিব বা সংসদ সদস্যদের এসব সংস্থার নেতৃত্বে না রেখে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন।
স্বাস্থ্য খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে দুর্নীতির সুযোগ তৈরি করে এমন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। চিকিৎসা কোনো পণ্য নয়, যার জন্য রোগীকে প্রতিটি ধাপে দর-কষাকষি করতে হবে।