সাভারে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া

· Prothom Alo

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

এর আগে আজ সকালে শিল্পাঞ্চলটির একাধিক এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Visit fish-roadgame.online for more information.

আজ সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার খেজুরবাগান ও জামগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে ঢাকা–আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ। তিনি বেলা সোয়া ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন শ্রমিকেরা। আজ সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায়

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আজ সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যেতে বলেন। এ সময় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেন। এ ছাড়া খেজুরবাগান এলাকায় সকাল ১০টার দিকে শ্রমিকদের আরেকটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এ সময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।

হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকেরা

শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন আছে।

Read full story at source