মিয়ানমারে জাতিগত নিধন চালানো হয়েছে কি না, এ সপ্তাহে আইসিজেতে রায়
· Prothom Alo

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হয়েছিল কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার সকালে রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। হেগে অবস্থিত শীর্ষ এই আদালতের রায়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।
Visit sports24.club for more information.
এর আগে আইসিজে কখনোই কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের প্রভাব ইসরায়েলের বিরুদ্ধে চলমান আরেকটি আলোচিত জাতিগত নিধনের মামলার ওপরও প্রভাব ফেলবে।
প্রায় এক দশক আগে মিয়ানমারের সামরিক জান্তা অভিযান শুরু করলে লাখ লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালাতে বাধ্য হয়। এদের বেশির ভাগই বাংলাদেশে আশ্রয় নেয়। এ ঘটনায় গাম্বিয়ার করা মামলাটি সাত বছর ধরে বিচার-বিশ্লেষণ করেছেন আইসিজের বিচারকেরা।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের দমন-পীড়ন ১৯৪৮ সালের জাতিসংঘের জাতিগত নিধন সনদ লঙ্ঘন করেছে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক তদন্তকারী ইয়াংহি লি বলেন, ৯ বছর আগে নৃশংসতা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। রোহিঙ্গাদের ন্যায়বিচার দিতে ও নিজেদের ব্যর্থতার হিসাব মেলাতে এবার সুযোগটি কাজে লাগাতে হবে।
উদ্দেশ্য প্রমাণ ও যৌন সহিংসতা
জাতিগত নিধনের মামলায় বড় চ্যালেঞ্জ হলো, কোনো গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য’ প্রমাণ করা। বলকান অঞ্চলের দুটি মামলায় আইসিজে রাষ্ট্রকে সরাসরি দায়ী করতে পারেনি, তবে স্রেব্রেনিকার জাতিগত নিধন ঠেকাতে ব্যর্থতার জন্য সার্বিয়াকে দায়ী করেছিল।
রোহিঙ্গা ভুক্তভোগীদের সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের (ল) প্রতিষ্ঠাতা অ্যান্টোনিয়া মালভে বলেন, গ্রামগুলোতে একই কায়দায় হামলা, অগ্নিসংযোগ, নারী-পুরুষ আলাদা করা, যৌন সহিংসতা ও পালানোর সময় হত্যার মাধ্যমে ধ্বংসের স্পষ্ট উদ্দেশ্য ফুটে উঠেছে। তাঁর দল নারীদের গোপনাঙ্গ বিকৃত করা ও মুখে কামড় দেওয়ার বিবরণ সংগ্রহ করেছে, যার লক্ষ্য ছিল চিহ্নিত করা ও সন্তান জন্মদান বন্ধ করা।
চলতি বছরের জানুয়ারিতে আইসিজে বাংলাদেশের আশ্রয়শিবির থেকে যাওয়া রোহিঙ্গাদের সাক্ষ্য নেয়। এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে ছুরিকাঘাত করে আগুনে ফেলা হয়েছিল; আরেকজন গণকবরে মরদেহের স্তূপ দেখার কথা বলেন। গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো আদালতে বলেন, এটি আইনি জটিলতার নয়, বরং ধ্বংসের লক্ষ্যবস্তু হওয়া বাস্তব মানুষের বিষয়।
জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করেছে, তারা বিদ্রোহীদের সশস্ত্র অভ্যুত্থানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গণহত্যার রায় এলে ২০১৬-১৭ সালের হামলার সময়কার সেনাপ্রধান ও বর্তমান নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। তিনি ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করেন, যা হাজার হাজার মানুষের প্রাণহানির গৃহযুদ্ধের জন্ম দেয়। বিতর্কিত নির্বাচনের পর গত এপ্রিলে বেসামরিক প্রেসিডেন্ট হওয়া এই নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মানবতাবিরোধী অপরাধের আলাদা তদন্ত চালাচ্ছেন।