বাগেরহাটে ক্রীড়া সংস্থার ভোটে বিএনপি নেতাকে হারিয়ে সাধারণ সম্পাদক এনসিপির নেতা
· Prothom Alo

বাগেরহাটে দুই দশক পর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন ৩৩ ভোট পেয়েছেন।
Visit turconews.click for more information.
গতকাল শনিবার রাতে বাগেরহাট জেলা স্টেডিয়ামের মিলনায়তনে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ক্রীড়া সংস্থার ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কমিটির ৩১টি পদের মধ্যে ২৭টি পদে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। তবে একক প্রার্থী হওয়ায় সহসভাপতি পদে চারজন এবং উপজেলা থেকে সংরক্ষিত নির্বাহী সদস্য পদে দুজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ২১টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ও শেখ সাকির হোসেন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন এম এ সালাম। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি। নির্বাহী সদস্য পদে আল আমিন খান, আহম্মদ হামীম রাহাত, মো. ইয়ামিন আলী, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ, মো. মোল্লা মাসুদুল হক, শেখ শাহেদ আলী আবিদ, সুমন পাইক ও সৈয়দ মোস্তফা আল মামুন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী নির্বাহী সদস্য পদে শাহিদা আক্তার ও নার্গিস আরা জয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন বলেন, সর্বশেষ ২০০৬ সালে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়েছিল। এবার নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।