কানাডীয় প্রেমিকার বয়স ৬১ বছর জেনেই বিয়েতে বেঁকে বসলেন রাজস্থানের তরুণ

· Prothom Alo

দুজনের পরিচয় ডেটিং অ্যাপে। পরিচয় থেকে প্রেম। প্রেমকে পরিণতি দিতে কনেও হাজির। অথচ শেষ মুহূর্তে বিয়েটা ভেস্তে গেল বয়সের ফারাকে। ফলে ভিনদেশি কনে পড়েছেন অথই জলে। থানা–পুলিশের পর এখন শুরু হয়েছে বিদেশিনিকে তাঁর দেশে ফেরানোর তোড়জোড়।

Visit casino-promo.biz for more information.

প্রেমিক তরুণ ভারতীয়। সাকিন হরিয়ানার পানিপথ। নাম নিতিন। পেশা শিক্ষকতা। রাজস্থানের নিমরানায় একটি বেসরকারি স্কুলে দুই বছর ধরে শিক্ষকতা করছেন ৩১ বছর বয়সী নিতিন।

বছরখানেক আগে এক জনপ্রিয় ডেটিং অ্যাপে নিতিনের পরিচয় হয় কানাডার ওই নারীর। আলাপ থেকে আলাপচারিতা। আলাপচারিতা থেকে ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতা থেকে প্রেম। প্রেম থেকে জীবনসঙ্গী হওয়ার বাসনা। সেই বাসনায় সম্মতি দেন নিতিনও।

এরপর আর দেরি না করে প্রিয় মানুষকে কাছে পেতে সুদূর কানাডা থেকে সোজা ভারতে হাজির হন সেই নারী দুচোখভরা স্বপ্ন নিয়ে। নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষায় দুই হৃদয়ের কাছাকাছি আসতে দেরি হয়নি।

১১ নভেম্বর পর্যটক ভিসায় কানাডা থেকে দিল্লি আসেন ওই নারী (তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে)। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন নিতিন নিজেই। বিমানবন্দর থেকে প্রেমিকাকে নিয়ে তিনি চলে যান দিল্লি থেকে নিমরানা, তাঁর মামাবাড়িতে। পানিপথের নিতিন নিমরানায় মামাবাড়িতেই থাকতেন। শিক্ষকতা করতেন সেখান থেকেই।

দুদিন কানাডার নাগরিক প্রেমিকার সঙ্গে সেখানেই ছিলেন নিতিন। বিপত্তি শুরু তার পর। বিয়ের কথাবার্তা কিছুটা এগোতে ৩১ বছরের তরুণ নিতিন জানতে পারেন, বিদেশিনি প্রেমিকা তাঁর চেয়ে ৩০ বছরের বড়। প্রেমের ছন্দপতনও সেখানেই।

বয়স শুনে বেঁকে বসেন প্রেমিক নিতিন। এত বেশি বছরের নারীকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। সেই অসম্মতিতে শুরু হয় দুপক্ষে তুমল বচসা। প্রত্যাখ্যাত নারী দিশাহারা হয়ে যোগাযোগ করেন দিল্লিতে কানাডার হাইকমিশনে। ১৩ নভেম্বর হাইকমিশন যোগাযোগ করে নিমরানা থানায়। সেদিনই বিকেল ৪টায় পুলিশ এসে পাত্র–পাত্রী দুজনকেই নিয়ে যায় থানায়।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিতিনকে শান্তিভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে। বিদেশিনিকে রাখা হয় এক নিরাপদ আশ্রয়ে। নিতিন জামিনে মুক্তি পেয়েছেন।

রাজস্থান পুলিশ, দিল্লি পুলিশ ও কানাডার হাইকমিশন চেষ্টা করছে বিদেশিনিকে দ্রুত দেশে ফেরত পাঠাতে। রাজস্থান পুলিশ জানিয়েছে, নিতিনের বিরুদ্ধে ওই নারী যৌন নির্যাতন বা অন্য কোনো ধরনের অভিযোগ করেননি।

ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। উঠছে নানা প্রশ্ন। বয়সের ফারাক কি গোপন রাখা হয়েছিল? ওই নারীর বয়স যে দ্বিগুণ, তা বুঝতে পুরুষটির দুই দিন লেগে গেল? এমন কথাও বলাবলি হচ্ছে, প্রেম মানুষকে অন্ধ করে তোলে। অনেক সময় স্বাভাবিক জ্ঞানগম্যিও লোপ পায়।

Read full story at source