১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

· Prothom Alo

২০০৮ সালে মালেতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। ভারতের কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠা হয়নি ভুটানের। ১৮ বছর পর আবার সাফের শেষ চারে মুখোমুখি দুই দল। সময় বদলেছে, বদলেছে টুর্নামেন্টের মঞ্চ। কিন্তু বদলায়নি ফল। সেই একই ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছে ভারত। আরেকবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভুটানকে।

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে এবারের আসরে খেলতে এলেও শিরোপার পথে ঠিকই এগিয়ে চলেছে দলটি।

Visit h-doctor.club for more information.

সাফে ভারতের আধিপত্য অবশ্য নতুন কিছু নয়। এবারসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠেছে তারা। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে ভারত। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ভুটানের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত

ভুটানের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। নবম মিনিটে বিষ্ণুর গোলে এগিয়ে যায় দলটি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। শুরুতেই দুই গোল হজম করে কিছুটা চাপে পড়ে ভুটান। এরপর আক্রমণে মনোযোগ বাড়ালেও প্রথমার্ধে ভারতের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।

করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি

প্রথম ৪৫ মিনিটে তিনটি আক্রমণ থেকে ভারতের গোলমুখে মাত্র একবার শট নিতে পেরেছে ভুটান। অন্যদিকে ভারত চারটি শট নিয়ে তিনটিই রেখেছে লক্ষ্যে। বল দখল কিংবা আক্রমণ, দুই ক্ষেত্রেই প্রথমার্ধে পরিষ্কার এগিয়ে ছিল ভারত।

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল পায় তারা। ৪৭ মিনিটে চেনচোর শট পোস্টে লেগে ফিরে এলে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি। শুরুতে অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন রেফারি মুনির আলকাতিরি। তবে ভুটানের খেলোয়াড়দের আপত্তির মুখে ভিএআরের সাহায্য নেন তিনি। ভিডিও পর্যালোচনা শেষে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।

সাফের ইতিহাসে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। দুই সেমিফাইনাল ও ফাইনালে থাকছে এই প্রযুক্তির সহায়তা। ম্যাচের ৬৬ মিনিটে ভুটানের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

গোলের ব্যবধান ২-১ হওয়ার পর সমতায় ফেরার আশায় আরও মরিয়া হয়ে ওঠে ভুটান। শেষ আধা ঘণ্টায় কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল দলটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর পায়নি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

সেমিফাইনালে হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ

Read full story at source