যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি

· Prothom Alo

শহরে আছে বিশাল একটি স্কুল। খাড়া উপত্যকার দুই পাশ বেয়ে উঠে গেছে সরু গলি, দুই ধারে সারি সারি বাড়ি। শহরের মাঝখানে প্রাচীন এক ঝরনা। আছে কয়েকটি গির্জাও, একটির পাশ থেকে নীল ইজিয়ান সাগরের অপরূপ দৃশ্য দেখা যায়। কিন্তু গত ১০০ বছরের বেশি সময় ধরে এখানে কোনো মানুষ থাকে না।

তুরস্কের দক্ষিণ-পশ্চিমের মুগলা প্রদেশের কায়াকোয় আসলেই এক ভুতুড়ে শহর। বাসিন্দারা এখান থেকে চলে গেছেন, অতীত যেন এখনো এখানে ভর করে আছে। সময়ে জমে যাওয়া এই শহর তুরস্কের এক অন্ধকার অধ্যায়ের স্মারক।

Visit newsbetting.cv for more information.

পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙাচোরা বাড়ি, ধীরে ধীরে সবুজ গ্রাস করছে সেগুলোকে। উঁকি দিলেই চোখে পড়ে হারিয়ে যাওয়া জীবনের চিহ্ন। জায়গাটা যেমন রহস্যময়, তেমনি রুক্ষ সৌন্দর্যে ভরা। গ্রীষ্মের ঝকঝকে আকাশ আর কড়া রোদেও গা ছমছম করে। শীতের দিকে পাহাড় বা সাগরের কুয়াশা জড়িয়ে ধরলে তা আরও বেড়ে যায়।

লেভিসি থেকে কায়াকোয়
১০০ বছরের কিছু আগে এই শহরের নাম ছিল লেভিসি। তখন এখানে বাস করতেন অন্তত ১০ হাজার গ্রিক অর্থডক্স খ্রিষ্টান। তাঁদের অনেকেই ছিলেন কারিগর, স্থানীয় মুসলিম তুর্কি কৃষকদের সঙ্গে শান্তিতে মিলেমিশে থাকতেন। কিন্তু তুরস্ক স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের উত্তাল সময়ে তাঁদের সহজ জীবন ছিন্নভিন্ন হয়ে যায়।

১৯২২ সালে গ্রিক-তুর্কি যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিবেশী গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই অন্য দেশের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষদের তাড়িয়ে দেয়। কায়াকোয়ের ক্ষেত্রে এর মানে দাঁড়ায় বাধ্যতামূলক জনবিনিময়। বর্তমান গ্রিসের মেসিডোনিয়া ও থ্রেস অঞ্চলের কাভালা শহরে থাকা মুসলিম তুর্কিরা এখানে আসেন। কিন্তু নতুন বাসিন্দারা নাকি নতুন ঠিকানায় মোটেই খুশি ছিলেন না। তাঁরা দ্রুত অন্যত্র চলে যান, আর কায়াকোয় পড়ে থাকে ধ্বংসের মুখে।

কোনো বাড়িরই ছাদ নেই, ধসে পড়া দেয়ালে গজিয়েছে আগাছা

থেকে যাওয়া কান্না
হাতে গোনা যাঁরা থেকে গিয়েছিলেন, তাঁদের একজন ছিলেন আইসুন একিজের দাদা-দাদি। এখন তাঁর পরিবার শহরের প্রধান প্রবেশপথের কাছে ছোট একটি রেস্তোরাঁ চালায়, পর্যটকদের খাবার-পানীয় দেয়। কঠিন সেসব বছরের গল্প পরিবারে প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে।

এখন হাতে বানানো গয়না বিক্রি করেন এই নারী। তিনি বলেন, ‘দাদা-দাদি বলতেন, গ্রিকরা কেঁদে কেঁদে বলছিলেন, তাঁরা যেতে চান না। কেউ কেউ সন্তানদের পর্যন্ত তুর্কি বন্ধুদের কাছে রেখে গিয়েছিলেন, ভেবেছিলেন ফিরে আসবেন। কিন্তু আর কখনো ফেরেননি।’

একিজের দাদা-দাদির পরিবার ছিল মেষপালক, শহরের কিনারার জীবনে সহজেই মানিয়ে নিয়েছিল। কিন্তু অন্য নতুন বাসিন্দাদের বেশির ভাগের নাকি এখানে থাকতে ভালো লাগেনি। কারণ, বিচ্ছু বা সাপ ঠেকাতে বাড়ির দেয়াল নীল রঙে রাঙানো ছিল বলে ধারণা করা হয়। প্রায় ২ হাজার ৫০০ বাড়ির টিকে থাকা দেয়ালে সেই নীলের ছোঁয়া এখনো দেখা যায়, যদিও দশকের পর দশক রোদ-বৃষ্টিতে সাজসজ্জার আর কিছুই প্রায় অবশিষ্ট নেই।

বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস দেখতে দর্শনার্থীদের ভিড়

ঘুরে দেখার অভিজ্ঞতা
দর্শনার্থীদের প্রধান সড়কের পাশের ছোট কিয়স্কে তিন ইউরো (প্রায় ৩৭০ টাকা) টিকিট কাটতে হয়। এরপর হেঁটে ঘুরতে হয় খাড়া ও এবড়োখেবড়ো গলিপথে। প্রবেশমুখের সাইনবোর্ড দেখিয়ে দেয় স্কুল, গির্জা আর ঝরনার দিক। পুরোটা দেখতে ঘণ্টা দুয়েক সময় লাগে।

বেশির ভাগ বাড়ি তৈরি হয়েছিল পরিত্যক্ত হওয়ার আগের শতকে। কোনো বাড়িরই ছাদ নেই, ধসে পড়া দেয়ালে গজিয়েছে আগাছা। কিছু বাড়ির মাটির নিচের ঘরে গর্ত আছে। অনেক বাড়িতে এখনো অক্ষত আছে পানির চৌবাচ্চা।

Read full story at source