কোনো দেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ হতে দেওয়া যাবে না: সংসদে আলোচনা

· Prothom Alo

বিদেশের কোনো যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হন, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রবাসীকল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Visit librea.one for more information.

সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন সরকারদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন।

রেহানা আক্তার বলেন, নিশ্চিত চাকরির মিথ্যা প্রলোভন ও উন্নত জীবনের আশায় চড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুত চাকরির পরিবর্তে তাঁদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। তিনি বলেন, গত তিন বছরে ৫৪ জনের মৃত্যু হয়েছে। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। যুদ্ধের ময়দানে নিহত ব্যক্তিদের মরদেহ এখনো তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ঋণদাতাদের অব্যাহত চাপ—সব মিলিয়ে পরিবারগুলোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সংবাদমাধ্যমের তথ্য উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, মানব পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও মানুষকে ফাঁদে ফেলছে।

এই পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে প্রযুক্তিগত ও কূটনৈতিক সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মানব পাচারকারীদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান। পাশাপাশি রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

মন্ত্রীদের সফরে স্থানীয় এমপিদের সঙ্গে রাখার আহ্বান

চট্টগ্রাম-১২ আসনের বিএনপির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, মন্ত্রীরা যখন সংসদীয় এলাকায় সফরে যান, তখন স্থানীয় মানুষ চান সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও তাঁদের সঙ্গে থাকুন। মন্ত্রীরা সফরের সময় স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলে মানুষের কাছে দলের প্রতি আস্থা বাড়বে।

এ বিষয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, অনেকের কাছ থেকেই এ ধরনের অভিযোগ পাওয়া যায়। মন্ত্রীরা বিভিন্ন এলাকায় সফরে গেলে অনেক সময় ওই এলাকার স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখেন না। সরকারি দল কিংবা বিরোধী দল—যে পক্ষেরই সংসদ সদস্য হোন না কেন, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখা বাঞ্ছনীয় বলে তিনি মনে করেন।

রাজধানীর চার লেকের দূষণে উদ্বেগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী রাজধানীর ধানমন্ডি, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একসময় এসব লেককে রাজধানীর ফুসফুস বলা হতো। মহানগরীর বায়ুদূষণ কমাতে জলাধারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে এগুলো দূষণের উপকরণে পরিণত হয়েছে। দূষণের মাত্রা এতটাই তীব্র যে লেকের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, মাছ মরে ভেসে উঠছে এবং আশপাশের গাছপালা ও প্রাণিকুল দূষণের শিকার হচ্ছে।

নিলুফার চৌধুরী বলেন, দূষিত পানিতে মশার বংশবিস্তার ঘটছে। লেকের পাশে বসবাসকারী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। সকাল-সন্ধ্যায় হাঁটতে আসা মানুষও অস্বাস্থ্যকর বাতাস গ্রহণ করছেন। আবাসিক এলাকার বর্জ্য এবং কোথাও কোথাও কারখানার বর্জ্য লেকে ফেলা হচ্ছে। কারখানার মালিকেরা বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশনা উপেক্ষা করছেন। এসব সমস্যা সমাধানে ওয়াসার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সড়ক মেরামতের দরপত্র আহ্বানের দাবি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান বলেন, ভারী বর্ষণে তাঁর নির্বাচনী এলাকার চলাচল উপযোগী অনেক সড়ক নষ্ট হয়ে গেছে। এসব সড়ক পুনঃসংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও দরপত্র আহ্বানের ক্ষেত্রে ধীরগতি রয়েছে। এখন পর্যন্ত মাত্র তিনটি সড়ক মেরামতের দরপত্র হয়েছে।

আনিছুর রহমান বলেন, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে অর্থবছরের শেষ দিকে তাড়াহুড়া করে দরপত্র আহ্বান করা হলে কাজের মান ঠিক থাকে না। তাই জরাজীর্ণ সড়কগুলো মেরামতের জন্য ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দরপত্র আহ্বানের ব্যবস্থা নিতে স্থানীয় সরকারমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

বন্ধ কারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা চান সংসদ সদস্য

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বন্ধ কলকারখানা চালু এবং চালু কারখানার উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ অথবা সহজ শর্তে স্বল্প সুদের ঋণ দ্রুত ছাড়ের দাবি জানান।

আবুল কালাম বলেন, অর্থ মন্ত্রণালয় এ অর্থ ছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো ঋণের অর্থ ছাড় হয়নি।

আবুল কালাম অভিযোগ করেন, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন অজুহাতে অর্থ ছাড় করছে না। ঋণ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সুসম্পর্ক থাকার শর্ত দেওয়া হচ্ছে। এতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও ব্যাংকগুলো মানতে চাইছে না। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়কার অনেক কর্মকর্তা এখনো বাণিজ্যিক ব্যাংকগুলোতে বহাল থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংসে গুরুত্ব দেওয়ার আহ্বান

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, মশা মারতে জীবাণুনাশক ও ফগিংয়ের পাশাপাশি লার্ভা ধ্বংসের দিকে বেশি নজর দিতে হবে।

মশা যেখানে ডিম পাড়ে, সেখানকার লার্ভা ধ্বংস করা গেলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে বলে উল্লেখ করেন আজিজুল বারী। চিকিৎসাকেন্দ্রিক পরিকল্পনার পরিবর্তে প্রতিরোধকেন্দ্রিক পরিকল্পনা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বৈষম্য ও দলীয়করণের অভিযোগ

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান (সাঈদ) শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও মেরামতের বরাদ্দে বৈষম্য এবং দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের বিষয়ে সার্কুলার অনুযায়ী সংসদ সদস্যরা ডিও লেটার দিলেও এখন পর্যন্ত তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। কিছু এলাকায় সরকারদলীয় নেতা-কর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বলছেন, বিরোধী দলের সংসদ সদস্যদের ডিও লেটারে কোনো কাজ হবে না, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এই সংসদ সদস্য আরও অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতিতে কোথাও কোথাও চাঁদাবাজিও শুরু হয়েছে। শুধু উন্নয়নকাজ নয়, বিভিন্ন অফিস-আদালতেও দলীয়করণ চলছে। সরকারি দলের নেতা-কর্মীদের দৌরাত্ম্যের কারণে অনেক কর্মকর্তা তাঁদের নির্দেশনা ছাড়া কাজ করছেন না বলেও অভিযোগ করেন তিনি।

সংসদ সদস্যদের দেওয়া ডিও লেটারের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ফজলুর রহমান।

সরকারি হাসপাতালে জবাবদিহি নিশ্চিতের দাবি

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া দেশের সরকারি হাসপাতালগুলোতে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, শহর থেকে গ্রাম পর্যন্ত সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার চিত্র হতাশাজনক। কোথাও হাসপাতাল থাকলেও চিকিৎসক নেই, আবার চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না।

মোবাশ্বের আলম আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও যথাযথ সেবা পাওয়া যায় না। কোথাও যন্ত্রপাতি নেই, কোথাও প্রয়োজনীয় রিএজেন্ট নেই, আবার কোথাও প্রশিক্ষিত টেকনোলজিস্টের অভাব রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টা রোগনির্ণয় সেবা চালু থাকে, বাকি ১৯ ঘণ্টা বন্ধ থাকে বলে অভিযোগ করেন তিনি। এতে প্রায় ৭৫ শতাংশ রোগীকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়।

মোবাশ্বের আলম ভূঁইয়া আরও বলেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্য অনুযায়ী, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতিবছর ৬১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। দেশের প্রায় ৫৮ শতাংশ মানুষ চিকিৎসা নিতে ধারদেনা করেন। প্রায় তিন কোটি মানুষ চিকিৎসার খরচ বহন করতে না পেরে চিকিৎসা গ্রহণ করেন না।

সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মোবাশ্বের আলম ভূঁইয়া।

Read full story at source