স্যরি: ছোট্ট শব্দ, অনেক কাজ

· Prothom Alo

সামনের মানুষের সঙ্গে কথা বলছ। হঠাৎ বেজে উঠল মোবাইল ফোন। তুমি ফোনটা ধরলে, কথা বললে। তারপর ফোন রেখে বললে, ‘স্যরি, কী যেন বলছিলে?’

Visit esporist.org for more information.

বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছ। হঠাৎ ঢেকুর উঠে গেল। একটু বিব্রত হয়ে বলে উঠলে, ‘স্যরি!’

কেউ ভুল করে তোমার পায়ের ওপর পা দিয়ে ফেলেছে। সে বলল, ‘স্যরি।’ আবার তুমি কারও পায়ে পা দিয়ে ফেললেও বলতে পারো, ‘স্যরি।’

দেখো, একটা ছোট্ট শব্দ কত রকম পরিস্থিতিতে কাজে লাগে! কখনো ভুলের জন্য, কখনো কাউকে বিব্রত করার পর, কখনো আবার নিছক ভদ্রতা প্রকাশের জন্য।

তবে ধরো, বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে তোমার। রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছ, যা শুনে বন্ধু কষ্ট পেয়েছে। পরে নিজেরও খারাপ লাগছে। কিন্তু কিছুতেই মুখ ফুটে বলতে পারছ না, ‘স্যরি’। মনে হচ্ছে, আগে ও বলুক! কিংবা ভাবছ, আমি কেন স্যরি বলব? আমারও তো দোষ ছিল না!

অথচ কখনো কখনো একটি ছোট্ট শব্দই বড় সমস্যার সমাধান করে দিতে পারে। সেই শব্দটি হলো ‘স্যরি’।

কাল যদি সব এআই ডেটা সেন্টার বন্ধ হয়ে যায়, কী ঘটবেইংরেজি ‘Sorry’ শব্দের বাংলা অর্থ দুঃখিত, ক্ষমাপ্রার্থী বা অনুতপ্ত

স্যরি মানে কী?

ইংরেজি ‘Sorry’ শব্দের বাংলা অর্থ দুঃখিত, ক্ষমাপ্রার্থী বা অনুতপ্ত। কোনো ভুল করলে, অন্যের মনে কষ্ট দিলে কিংবা অনিচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করলে নিজের অনুশোচনা প্রকাশ করতে এই শব্দটি ব্যবহার করা হয়।

তবে স্যরি শুধু একটি শব্দ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে নিজের ভুল স্বীকার করার মানসিকতা, অন্যের অনুভূতির প্রতি সম্মান এবং সম্পর্ক ঠিক রাখার চেষ্টা।

কেন স্যরি বলবে?

মানুষ মাত্রই ভুল করে। তুমি, তোমার বন্ধু, শিক্ষক কিংবা মা-বাবা—কেউই ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু ভুল করার পর তুমি কী করছ, সেটাই আসল কথা।

ধরো, খেলতে গিয়ে বন্ধুর নতুন চশমাটি ভেঙে ফেলেছ। তুমি বলতে পারো, ‘আমি তো ইচ্ছা করে ভাঙিনি।’ কথাটা সত্যি। কিন্তু তাতে বন্ধুর ক্ষতিটা তো আর কমছে না। এ সময় আন্তরিকভাবে স্যরি বললে বন্ধু বুঝতে পারবে, তুমি তার কষ্টটা বুঝতে পারছ এবং নিজের কাজের দায়িত্ব নিচ্ছ।

ক্ষমা চাওয়া মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে। ভুল স্বীকার করলে সম্পর্কের দূরত্ব কমে, ভুল বোঝাবুঝিও মিটে যেতে পারে। একই সঙ্গে নিজের কাজের দায়িত্ব নিতে শেখা যায়।

কেউ লাইন ভেঙে সামনে চলে এলে কী বলবে

কখন স্যরি বলবে?

তোমার কোনো কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেলে, কিংবা তোমার ভুলে কারও ক্ষতি হলে ক্ষমা চাওয়া উচিত। যেমন—

১. বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করলে।

২. কারও কথা ঠিকমতো না শুনে ভুল বুঝলে।

৩. কারও জিনিস নষ্ট করলে বা হারিয়ে ফেললে।

৪. নিজের অসাবধানতায় কারও কাজে বাধা দিলে।

৫. কাউকে দেওয়া কথা রাখতে না পারলে।

৬. ভুল তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করলে।

তবে সব পরিস্থিতিতে স্যরি বলার প্রয়োজন নেই। কেউ তোমার সঙ্গে একমত হলো না, তুমি নিজের মতামত প্রকাশ করলে কিংবা অন্যায় কোনো আবদার প্রত্যাখ্যান করলে—এ জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই। নিজের মত প্রকাশ করা বা নিজের অধিকার রক্ষা করা কোনো অপরাধ নয়। তাই অকারণে স্যরি বলতে যেয়ো না।

কীভাবে স্যরি বলবে?

স্যরি বলারও একটা ধরন আছে। শুধু মুখে ‘স্যরি’ বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না।

প্রথমে নিজের ভুলটা বুঝতে হবে। তারপর সরাসরি বলতে হবে, ‘আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার এমন করা ঠিক হয়নি। আমাকে ক্ষমা কোরো।’

ক্ষমা চাইতে গিয়ে অজুহাত দেখানো ঠিক নয়। যেমন, ‘স্যরি, কিন্তু তুমিও তো আমাকে রাগিয়েছিলে’—এভাবে বললে ক্ষমা চাওয়ার আন্তরিকতাই নষ্ট হয়ে যায়। নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে লাভ নেই।

শুধু ক্ষমা চাইলেই হবে না, চেষ্টা করতে হবে যেন একই ভুল আবার না হয়। কারও জিনিস ভেঙে ফেললে সম্ভব হলে মেরামত করে দাও। কাউকে কষ্ট দিলে তার কথাও মন দিয়ে শোনো।

আরেকটা বিষয় মনে রেখো, তুমি স্যরি বললেই অন্য মানুষ সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। হয়তো তাঁর মন খারাপ, রাগ বা অভিমান কমতে একটু সময় লাগবে। তাঁকে সেই সময়টুকু দাও। ক্ষমা করবেন কি না, সেটা তাঁর নিজের সিদ্ধান্ত।

গত ষাট বছরের মধ্যে র‍্যামের দাম এখন সবচেয়ে বেশি কেন, দাম কমবে কবে

কোথায় স্যরি বলবে?

স্যরি বলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। বাড়িতে, স্কুলে, খেলার মাঠে, রাস্তায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে—যেখানেই ভুল করো, সেখানেই ক্ষমা চাইতে পারো। তবে কারও ব্যক্তিগত কষ্টের বিষয় হলে সবার সামনে নয়, একান্তে ক্ষমা চাওয়াই ভালো। আবার তোমার কোনো ভুলে যদি অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন, তাহলে তাঁদের সবার কাছেই দায়িত্ব নিয়ে ক্ষমা চাওয়া উচিত।

স্যরি বলতে লজ্জা কিসের?

অনেকে মনে করে, স্যরি বললে বুঝি ছোট হয়ে যেতে হয়। আসলে ব্যাপারটা ঠিক উল্টো। নিজের ভুল বুঝতে পারা এবং তা স্বীকার করার জন্য সাহস লাগে। যে মানুষ নিজের ভুল মেনে নিতে পারে, সে নিজের দুর্বলতা ঢাকতে ব্যস্ত থাকে না।

তাই পরেরবার ভুল করে ফেললে কে আগে স্যরি বলবে, সেই অপেক্ষায় থেকো না। মনে রেখো, ক্ষমা চাওয়ার অর্থ নিজেকে ছোট করা নয়। বরং এতে বোঝা যায়, তুমি অন্যের অনুভূতিকে গুরুত্ব দাও এবং নিজের কাজের দায়িত্ব নিতে জানো।

একটি ছোট্ট শব্দ, অথচ কত কিছু করতে পারে! কখনো ভুল বোঝাবুঝি মেটায়, কখনো অভিমান কমায়, কখনো ফিরিয়ে আনে হারিয়ে যেতে বসা বন্ধুত্ব। তাই প্রয়োজন হলে মনের কথা চেপে না রেখে বলে ফেলো, ‘স্যরি।’

স্মৃতিশক্তি বাড়ানোর উপায়: বিশেষজ্ঞের দেওয়া ১০টি সহজ পরামর্শ

Read full story at source