আইফায় সেরা ‘ধুরন্ধর’, আর কার হাতে কোন পুরস্কার

· Prothom Alo

ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় আয়োজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে দাপট দেখিয়েছে ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে আদিত্য ধর পরিচালিত সিনেমাটি। ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আনীত পাড্ডা।
গতকাল শনিবার আইফার আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবারের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।

Visit turconews.click for more information.

‘ধুরন্ধর’-এর ১২ পুরস্কার
এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘ধুরন্ধর’। সেরা পরিচালক হয়েছেন ছবিটির নির্মাতা আদিত্য ধর। সেরা অভিনেতার পুরস্কার উঠেছে রণবীর সিংয়ের হাতে। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় খান্না।

‘ধুরন্ধর ২’ সিনেমায় রণবীর। আইএমডিবি

আদিত্য ধর শুধু পরিচালনার জন্যই নন, মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখার জন্যও পুরস্কার পেয়েছেন। সেরা সংগীত পরিচালক হয়েছেন শাশ্বত সচদেব। ছবিটির চিত্রগ্রহণের জন্য পুরস্কার পেয়েছেন বিকাশ নওলাখা। সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন স্বীকৃতি।
এ ছাড়া সেরা চলচ্চিত্র, অভিনয় ও কারিগরি বিভাগ মিলিয়ে মোট ১২টি পুরস্কার জিতেছে ছবিটি।

‘সাইয়ারা’র আনীত ও আহান
মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। ছবিটির আরেক অভিনয়শিল্পী আহান পান্ডে পেয়েছেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার।
গানের বিভাগেও ভালো করেছে ছবিটি। সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন ফাহিম আবদুল্লাহ। নারী প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।

অন্যদিকে ‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন হুমা কুরেশি।

‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে ও অনীত পাড্ডা

ওটিটিতে আরিয়ান খানের সিরিজ
ডিজিটাল বিভাগে আলোচনায় ছিল আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া /‘দ্য ব্যা***স অব বলিউড’। সেরা সিরিজসহ মোট চারটি পুরস্কার জিতেছে এটি। সিরিজটির জন্য সেরা পরিচালক হয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল এবং সেরা অভিনেত্রী হয়েছেন অনন্যা সিং। সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও পেয়েছে সিরিজটি।

ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিলোত্তমা সোম। সেরা মৌলিক গল্পের পুরস্কারও গেছে সিরিজটির ঝুলিতে।
তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘দ্য রোশানস’। সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড শো হয়েছে ‘দ্য ট্রেইটরস’।

আরিয়ান খান। এএনআই

ডিজিটাল চলচ্চিত্রেও একাধিক পুরস্কার
ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘বারামুল্লা’। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে ছবিটি। স্টোলেন ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল। একই ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সানিয়া মালহোত্রা।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

কারিগরি বিভাগে ‘ছাওয়া’ ছবিও পেয়েছে একাধিক পুরস্কার। সেরা আবহসংগীতের পুরস্কার পেয়েছেন এ আর রাহমান। সেরা সাউন্ড মিক্সিং বিভাগে পুরস্কৃত হয়েছেন অলোক দে। সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার পেয়েছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Read full story at source