শিক্ষার্থীদের যুক্তি ও গবেষণাধর্মী চিন্তায় উদ্বুদ্ধ হতে হবে

· Prothom Alo

বিজ্ঞানচর্চার প্রসার ঘটাতে এবং শিক্ষার্থীদের মননে অনুসন্ধিৎসু মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করেছে ভোলা বন্ধুসভা। ১৭ অক্টোবর সদর উপজেলার আদর্শ একাডেমিতে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২২ শিক্ষার্থী।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এটির আয়োজন করা হয়। শেষে অলিম্পিয়াডে বিজয়ী ১৫ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার। এর মধ্যে প্রথম স্থান অধিকারকারী পেয়েছে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী তিন হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারী পেয়েছে দুই হাজার টাকা।

Visit playerbros.org for more information.

অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও ভোলা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন। তিনি বলেন, ‘বিজ্ঞানের অগ্রগতি ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। প্রকৃতি, পরিবেশ ও বিজ্ঞানের প্রতিটি রহস্য উন্মোচনে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মুখস্থবিদ্যার বাইরে এসে যুক্তি ও গবেষণাধর্মী চিন্তায় উদ্বুদ্ধ হতে হবে। ভোলা বন্ধুসভার এই আয়োজন শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত বৈজ্ঞানিক প্রতিভাকে জাগিয়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।’

ভোলা বন্ধুসভার উপদেষ্টা মো. আনোয়ার তাঁর বক্তব্যে বলেন, ‘বন্ধুসভার প্রত্যেক সদস্য সমাজকে ইতিবাচকভাবে বদলানোর জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি তাদের চিন্তাশক্তিকে শাণিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।’

ভোলা বন্ধুসভার একটি ভালো কাজ।

উপদেষ্টা মো. আশরাফুল বলেন, ‘বিজ্ঞানের প্রতি ভীতি দূর করে তরুণদের কৌতূহলী ও সৃজনশীল করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। ভোলার খুদে বিজ্ঞানীদের এই জোয়ার প্রমাণ করে, আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

এর আগে স্বাগত বক্তব্যে ভোলা বন্ধুসভার সভাপতি সুমন ওয়াহীদ বলেন, ‘প্রথাগত পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের চিন্তার ব্যাপ্তি বাড়াতেই ভোলা বন্ধুসভা এই চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। তরুণ সমাজকে মানবিক ও শিক্ষণীয় কাজে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।’

সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, ‘আজকের ৩২২ জন শিক্ষার্থীর বিপুল অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। বন্ধুসভার স্বেচ্ছাসেবীদের দিনরাত পরিশ্রমের মাধ্যমেই এই ভালো কাজ সফল হয়েছে। ভবিষ্যতেও আমরা এমন শিক্ষার্থীবান্ধব কাজ অব্যাহত রাখব।’

এ ছাড়া অনুষ্ঠানে ভোলা বন্ধুসভার বিভিন্ন পর্যায়ের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক, ভোলা বন্ধুসভা

Read full story at source