চট্টগ্রামে ফুটবল উৎসব, পাহাড়ের উদীয়মান তারকাদের স্বপ্নপূরণের মেলা

· Prothom Alo

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। ঢাকার বাইরে এটিই টুর্নামেন্টের শেষ আঞ্চলিক পর্ব, যেখানে খেলছে চট্টগ্রাম অঞ্চলের ছয়টি দল। দুদিনের প্রতিযোগিতার শেষ দিন আগামীকাল। চট্টগ্রাম থেকে একটি দল চূড়ান্ত পর্বে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠবে। এরই মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট অঞ্চল থেকে পাঁচটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।

আজ সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত বাজিয়ে এবং জাতীয় ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা কিশোরী ফুটবলারদের করতালির মাধ্যমে স্বাগত জানান অতিথিরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি ফুটবল একাডেমি। দুই দলই খেলছে পাহাড়ি কন্যাদের নিয়ে, যাদের উপস্থিতিতে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিণত হয়েছে উদীয়মান তারকাদের স্বপ্নপূরণের মেলায়।

Visit extract-html.com for more information.

আর সেই সুযোগ করে দিয়েছে প্রথম আলো ও স্টার নিউজ। প্রথম আলো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ছেলেদের জন্য আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে তিন বছর ধরে। এই প্রথম মেয়েদের জন্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ৩৬টি দল অংশ নিচ্ছে, ছয়টি অঞ্চলে ভাগ হয়ে খেলছে দলগুলো। সেরা আটটি আঞ্চলিক দল নিয়ে এ মাসের শেষ সপ্তাহে ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে হবে চূড়ান্ত পর্ব।

উদ্বোধনী আয়োজনের অতিথিরা

ঢাকার টিকিট পাওয়ার লড়াইয়ে দলগুলোকে উৎসাহিত করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রথম আলো ও স্টার নিউজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা বিভিন্ন এলাকা ও গ্রামে অনেক ভালো প্রতিভা দেখতে পাচ্ছি। প্রথম আলো বাংলাদেশজুড়ে যে উৎসবের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই। বর্তমানে মেয়েরা ক্রীড়ায় এগিয়ে আসছে, যা আমাদের অনুপ্রাণিত করে।’

রাগীব-রাবেয়ার দাপটের পর সুগন্ধার উচ্ছ্বাস

নারী ফুটবলারদের উৎসাহিত করে সাবেক জাতীয় ফুটবলার ও ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে নারীরা অনেক এগিয়ে যাচ্ছে। আপনাদের জন্য বাংলাদেশে অনেক সুযোগ আছে। আপনারা আপনাদের সিনিয়রদের ফলো করুন এবং চেষ্টা করুন। আপনারা যদি এখানে ভালো কিছু করতে পারেন, তাহলে সেটাই হবে বাংলাদেশের প্রাপ্তি।’

খেলোয়াড়দের নিয়ে বেলুন উড়িয়ে চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়

এই আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন,  ‘আমরা প্রথম আলোর পক্ষ থেকে যা কিছু ভালো তার সঙ্গে থাকার তাগিদে এবং দেশকে সুন্দর করার তাগিদে এসব অনুষ্ঠান করে থাকি। আজকের অনুষ্ঠান তারই একটি অংশ। আজ যে কিশোরীরা এখানে দাঁড়িয়ে আছে, আমি নিশ্চিত যে আগামীকাল আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়িয়ে তারা আমাদের মুখ উজ্জ্বল করবে। আমাদের নারী ফুটবলাররা আগেও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। আজকে যারা উপস্থিত হয়েছে এবং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তাদের মধ্য থেকে সেরা দল ঢাকায় গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

উদ্বোধনী ম্যাচে মাঠে নামে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি ফুটবল একাডেমি

তরুণ খেলোয়াড়দের মূল প্রেরণা হিসেবে উল্লেখ করে প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান বলেন, ‘এই আয়োজনের মূল আকর্ষণ আপনারা সবাই, যাঁরা খেলতে এসেছেন। প্রথম আলোর একটাই লক্ষ্য—বাংলাদেশের জয়। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজন করা হয়েছে। জয়-পরাজয় বড় কথা নয়, আমরা সবাই মিলে বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি ও টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের ম্যাচ কমিশনার আব্দুল হান্নান মিরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

পিছিয়ে পড়েও ৬ গোলের ঝড়, শেষ আটে খুলনার তেঁতুলতলা

Read full story at source