সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে
· Prothom Alo

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে (২১) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালের এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার সকালে এ ঘটনার পর ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম আবদুল করিম সরকার (২৯)। তিনি কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের বাসিন্দা। আউটসোর্সিংয়ের মাধ্যমে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কাজ করছেন।
Visit asg-reflektory.pl for more information.
হাসপাতালের নার্স ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই নারী। আজ সকালে ওয়ার্ড বয় আবদুল করিম ওয়ার্ডে ঢুকে ওই নারীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এ সময় ভুক্তভোগী চিৎকার করে তাঁর মাকে ডাকেন এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি।
আবদুল করিম আগেও এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন বলে হাসপাতালের এক নারী কর্মী জানিয়েছেন। তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল।
অভিযুক্ত আবদুল করিম সরকার ঘটনার পর আত্মগোপনে চলে গেছেন। অভিযোগের বিষয়ে কথা বলতে তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল মুকিত বলেন, তাঁরা ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালে শ্লীলতাহানির বিষয়টি জানতে পেরেছেন বলে জানান কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।