ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট, বাড়ি ঘেরাও করে অভিযুক্তকে পুলিশে সোপর্দ
· Prothom Alo

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে মো. হাশেম (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে বাড়ি ঘেরাও করে তাঁকে আটক করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযুক্ত হাশেম উপজেলার একটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাত ১১টার দিকে স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। পরে তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতে পাঠানো হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
Visit afnews.co.za for more information.
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাশেম কয়েক দিন ধরে ফেসবুকে নিজের আইডি থেকে ধর্ম অবমাননা করে একাধিক পোস্ট দেন। এতে স্থানীয় লোকজন ও মুসল্লিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। গতকাল বিকেলে তাঁর বাড়ি ঘেরাও করেন উত্তেজিত লোকজন। তাঁকে বাড়িতে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মানস বড়ুয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযুক্ত হাশেম নিজের ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।