রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ নিয়ে জাবি বন্ধুসভার সাহিত্য আলোচনা

· Prothom Alo

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির এক স্নিগ্ধ ও ভাবুক বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে প্রাণবন্ত পাঠচক্র ও সাহিত্য আলোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১০ নম্বর কক্ষে এই আসর বসে।

সাহিত্য যে মানুষের অবদমিত অনুভূতি, সম্পর্কের সূক্ষ্ম সমীকরণ এবং জীবনের অন্তর্নিহিত দর্শনকে নতুন আলোয় আবিষ্কার করতে শেখায়, পাঠচক্রের পুরো সময়ে প্রতিফলিত হয়েছে সেই সুর।

Visit grenadier.co.za for more information.

আসরে রবীন্দ্রনাথের সৃষ্টিশীল ভাবনার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ‘পোস্টমাস্টার’ গল্পের মানবিক পটভূমি, চরম একাকিত্ব, সামাজিক দূরত্বের ব্যবধান এবং আবেগের সূক্ষ্ম রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

মূল আলোচক দপ্তর সম্পাদক অরিত্র গুহ গল্পটির চরিত্রকাঠামো ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন বিশ্লেষণ করেন। তিনি বলেন, ‘মানবজীবনের এক অনিবার্য সত্য হলো মায়া। মানুষ তার পথচলায় অন্যের প্রতি গভীর মমত্ববোধে জড়ায়, কিন্তু বাস্তব জীবনের নির্মম বাস্তবতা ও জীবনসংগ্রামের তাগিদে সেই মায়া অতিক্রম করে এগিয়ে যেতে বাধ্য হয়। পোস্টমাস্টারের বিদায়লগ্নে রতনের বোবাকান্না আর পোস্টমাস্টারের ভেতরে সৃষ্টি হওয়া ক্ষণিকের অনুশোচনা মূলত মানবিক দুর্বলতা ও বাস্তবতার দ্বন্দ্বকেই নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।’

সভাপতি সৈয়দ সালমান হাসান গল্পের গভীর জীবনবোধের সঙ্গে বাস্তব জীবনের সংযোগ তুলে ধরে বলেন, ‘দাদাবাবু যেমন পারিপার্শ্বিক পরিস্থিতি ও বাস্তবতার চাপে পড়ে ছোট্ট রতনকে ফেলে নিজ গন্তব্যে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন, আমাদের জীবনেও প্রতিনিয়ত এই নির্মম সত্যের পুনরাবৃত্তি ঘটে। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়জীবনের কত প্রিয় বন্ধু সময়ের গতিপথ ও নিয়তির নিয়মে ধীরে ধীরে দূরে সরে যায়। হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে নামমাত্র যোগাযোগ টিকে থাকে, কিন্তু একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো আর হৃদয়ের গভীর টানগুলো কেবলই ধূসর স্মৃতি হয়ে অ্যালবামে জমা পড়ে।’

মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে উপস্থিত বন্ধুরা রতনের নিঃস্বার্থ সেবা, পোস্টমাস্টারকে নিজের অভিভাবক ও আশ্রয়ের জায়গা মনে করা এবং গল্পের সমাপ্তিতে নদীর বুকে নৌকায় ভাসমান পোস্টমাস্টারের ‘যাবার সময় এক মুহূর্তের জন্য তাহার মনে হইয়াছিল, ফিরিয়া যাই’, এই অনুশোচনামূলক দর্শনের মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেন। পাশাপাশি জীবনের নানা পর্যায়ে সম্পর্কের স্থায়িত্ব ও সামাজিক শ্রেণিভেদের প্রভাব নিয়ে যুক্তিপূর্ণ তর্কবিতর্ক হয়।

পাঠচক্রে অন্যদের মধ্যে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন, সহসাংগঠনিক সম্পাদক অরূপা রহমান, বন্ধু তিথি, দীপ, হোসেন আলীসহ বিভিন্ন বিভাগের সাহিত্যপ্রেমী শিক্ষার্থীরা।

সহসাংগঠনিক সম্পাদক, জাবি বন্ধুসভা

Read full story at source