রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

· Prothom Alo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। এ ঘটনায় অপরাধী যে-ই হোক, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

গত রোববার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

Visit esporist.org for more information.

জামায়াতের বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ হামলায় আহত হয়েছেন দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম। বিবৃতিতে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করার পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় টিআইবির প্রতিবাদ, বিএনপি–জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম থাকা অবস্থায় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হামলার শিকার হওয়া খুবই উদ্বেগের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে অপরাধীদের ছবি থাকার পরও তাঁদের গ্রেপ্তার কিংবা আইনের কাছে সোপর্দ না করাটা আরও বেশি উদ্বেগজনক।

মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় বিবৃতিতে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি চায় এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্ট

Read full story at source